'ঋণ শোধ দিমু কেমনে'

‘টেহা নাই, নৌকা বানাইবার পাই না। কামলাও দিনচুক্তি ৮০০ টেহা চায়। অহন আমরা নিরুপায় অইয়া গেছি। চোখের সামনে ধানগুলা পানির তলে নষ্ট অইতাছে। অহন ঋণ শোধ দিমু কেমনে। এই দুশ্চিন্তায় রাতে ঘুম অয় না।’
কথাগুলো বলছিলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড়া ইউনিয়নের মধ্য নাকশী গ্রামের কৃষক আজমত আলী। ৩৫ হাজার টাকা ঋণ নিয়ে তিনি বর্গায় দেড় একর জমিতে বোরো আবাদ করেছিলেন। ২২ এপ্রিল ঢলের পানি বাঁধ ভেঙে ঢুকে ফসল এক সপ্তাহ ধরে ডুবে আছে।
শুধু আজমত আলীর একার নয়, ১৪টি বিলে কলসপাড়া ইউনিয়নের আড়াই হাজার কৃষকের প্রায় ১ হাজার ২০০ একর জমির ফসল দেড় ফুট পানির নিচে ডুবে আছে। অনেকেই নৌকায় করে ডুবে থাকা ধান উচ্চমূল্যে শ্রমিক দিয়ে কাটছেন।
কৃষকেরা বলেন, এমনিতে একরপ্রতি ৬০ মণ ধান পাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে ৩০ মণ করে ধান পাচ্ছেন। ফসল নষ্ট হয়ে আছে, এমন আশঙ্কায় অনেকেই উচ্চমূল্যে শ্রমিক দিয়ে ধান কাটতে অনাগ্রহ প্রকাশ করছেন। পানি নেমে গলেও ফসল রক্ষা হবে কি না, তা নিয়ে তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফ ইকবাল বলেন, কলসপাড়া ইউনিয়ন তুলনামূলক নিচু হওয়ায় পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে ১৪টি বিলের ফসল পানিতে ডুবে আছে।
স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, ঢলের পানি মালিঝি ও চেল্লাখালী নদী দিয়ে ঢুকে কলসপাড়া ইউনিয়নের উত্তর, দক্ষিণ ও মধ্য নাকশী গ্রামের আয়লি; বোয়ালমারী, চিনামারা, দিগাইর, গড়াডুবি, চতল, বল্লি, দুবলাছুড়ি বিলের ৭০০ একর এবং গাগলাজানি গ্রামের টাকিমারী, নয়ানি, চোয়া, ফেসকি, শালচূড়া, নিলজা বিলের ৫০০ একর জমির ফসল ডুবে আছে।
গতকাল শনিবার উত্তর, দক্ষিণ ও মধ্য নাকশী গ্রামে গিয়ে দেখা যায়, কিছু বিলে ডুবে থাকা ফসল জাগতে শুরু করেছে।
ইউএনও তরফদার সোহেল রহমান প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা পেয়েছি। তাঁদের সহায়তা করা হবে।’