‘এ কম্বল গায় দে শীত থ্যাকি নেহাই পাবুনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শীত-কাপুড় না থাকায় ঘর থেকি বের হুতে পারতেছি না। শীতে এমন কুষ্ট এর আগি কখনো পেয়নি। এ কম্বল গায় দে শীত থ্যাকি নেহাই পাবুনি।’ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আইলাবিধ্বস্ত পদ্মপুকুর ইউনিয়নের ঝাপা গ্রামের বৃদ্ধা হাজারী মণ্ডল কম্বল পেয়ে এভাবেই অনুভূতি প্রকাশ করেন। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল বুধবার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ঝাপা, চণ্ডীপুর, পাতাখালী, কামালকাটি, পশ্চিম পাতাখালী, পাখীমারা ও খুটিকাটা গ্রামের ৩২০ জন শীতার্ত মানুষকে কম্বল, জ্যাকেট ও সোয়েটার দেওয়া হয়। এ ছাড়া গতকাল রাজশাহী নগরেও ১০০ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।পাখীমারা গ্রামের ৭৫ বছরের বৃদ্ধা আমেনা খাতুন বলেন, ‘তুমরা তো প্রেত্যেকবার অ্যাসো। ইবার এতু দেরি কুরে এলি কেন। আইনায় (আইলা) সুব খেয় হয়ে গে। কিছুনি। শীতে ব্যাঁচি আছি কেমন কুরে কতি পাতেছিনে। তুমাগে কম্বল পেয়ে ভালো হুবিনে।’ শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন কামালকাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার মণ্ডল, ঝাপা বজ্র বিহারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কাসেম, চিন্ময় কুমার মণ্ডল, পল্লিচিকিৎসক অজেদ আলী, সাতক্ষীরায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি বরুণ ব্যানার্জি, সাধারণ সম্পাদক প্রকাশ পাত্র প্রমুখ।রাজশাহী নগরের ইউসেপ বুলনপুর স্কুলে শীতবস্ত্র বিতরণ করার খবর পেয়ে গতকাল দুপুর থেকেই শতাধিক দুস্থ নারী-পুরুষ সেখানে ভিড় করেন। শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউসেপ স্কুলের স্কুল প্রশাসক ফেরদৌস আরা, সহকারী স্কুল প্রশাসক মাকসুদুর রহমান খান, শিক্ষক শ্যামল চন্দ্র মজুমদার, আবদুস সামাদ, রাজশাহীতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, রাজশাহী বন্ধুসভার বন্ধু মাসুদ রানা, সোহরাব খোকন প্রমুখ।কম্বল পেয়ে তা গায়ে জড়িয়ে রাজশাহী নগরের বুলনপুর ঘোষপাড়া এলাকার অশীতিপর বৃদ্ধ আবু বকর সিদ্দিক বললেন, ‘খুব ভালো হইয়্যাছে, বাবা।’ কম্বল হাতে পেয়ে নগরের শ্রীরামপুর এলাকার আয়েশা বেওয়া (৬৫) বলেন, ‘এবার শীতে খুবই কষ্ট হইছে। কেউ তাকায়নি, বাবা। তোমরা গরিব মানুষের খোঁজ নিচ্ছো। বাঁইচে থাকো।’