'এ কী দেখছি আমি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা শরীর সাদা ব্যান্ডেজে ঢাকা। মুখমণ্ডল পোড়া। চোখ খুলতে পারছেন না। যমুনা অয়েলের শ্রমিক নাজিম উদ্দিনের (৪০) এমন দুরবস্থা দেখে ডুকরে কেঁদে ওঠে মেয়ে শর্মি। হাউমাউ করে কাঁদছিল সে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তার ছোট ভাইটি।
চট্টগ্রামের যমুনা অয়েল কোম্পানির পতেঙ্গায় অবস্থিত ১১ নম্বর ট্যাংকে গত শুক্রবার সন্ধ্যায় বিকট শব্দে বিস্ফোরণে নাজিমসহ ১০ শ্রমিক দগ্ধ হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন নাজিমের আশপাশে তাঁর অন্য সহকর্মীরা। এখানে মোট আটজন চিকিৎসাধীন।
নাজিম কাউকে দেখতে পারছেন না। হাসপাতালে কে একজন বললেন ‘আপনার মেয়ে এসেছে।’ হাত বাড়িয়ে দিলেন নাজিম। কিন্তু হাতেও ব্যান্ডেজ। কেবল শুনলেন মেয়ের ধরা গলার ডাক ‘আব্বা।’ কাঁদছে নবম শ্রেণীর ছাত্রী শর্মি। পোড়া চোখের পানি শুকিয়ে গেছে নাজিমের। শর্মিকে বাইরে নিয়ে গেলেন স্বজনেরা। স্বামীর এমন অবস্থা দেখে কাঁদছেন পারভিন আক্তারও। নাজিমের শরীরের ৩৭ ভাগ পুড়ে যায়।
পাশের শয্যায় খায়ের আহমদ চৌধুরী (৫৪)। তাঁর হাত-পা পুড়ে গেছে। মুখমণ্ডলেও কিছুটা আঁচ লেগেছে। খায়ের ঘটনার বর্ণনা দিয়ে বললেন, ‘আমরা গ্যাস ফ্রি করছিলাম। কাজও শেষ পর্যায়ে। এমন সময় বিস্ফোরণের মাধ্যমে আগুন লেগে যায়।’
অগ্নিদগ্ধ জামাল উদ্দিনও একই কক্ষে অন্যদের সঙ্গে চিকিৎসা নিচ্ছেন। তাঁর শরীরের পুড়েছে ৫ ভাগ। ১০ শতাংশ দগ্ধ হওয়া লোকমান হোসেন ঝুঁকিমুক্ত। আবদুর রহিমের কেবল পা পুড়েছে। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে শুক্রবার হাসপাতাল ছেড়েছেন।
জামাল বলেন, ‘এমন ঘটনা কোনো দিন কল্পনাও করিনি। প্রতিদিন সকাল আটটায় যাই। ফিরি কোনো দিন সন্ধ্যা সাতটা নইলে রাত আটটায়।’
জামালের পাশে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন মাহমুদুল হাসান (২৫)। তাঁর শরীর ৩০ ভাগ পুড়ে গেছে। তাঁকে দেখার জন্য হাসপাতালে ছুটে এসেছেন বৃদ্ধ সাহাবুদ্দিন ও অন্য স্বজনেরা। সাহাবুদ্দিন অস্ফুটে বললেন, ‘এখনো ছেলের শাদি হয়নি। কেন এমন হলো?’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপাতালের কর্তব্যরত চিকিৎসক মিশমা ইসলাম বলেন, ‘৩০ থেকে ৪০ ভাগ পর্যন্ত পুড়ে যাওয়া পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আমরা তাঁদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি।’
এ তালিকায় জামসেদ ও জেবল রয়েছেন। সবচেয়ে খারাপ অবস্থা শামসুল হকের (৫০)। সন্দ্বীপের বাউরিয়া এলাকার শামসুল প্রায় যমুনা অয়েলের ঠিকাদারি শ্রমিক। স্ত্রী ও দুই ছেলেমেয়ে থাকে গ্রামের বাড়িতে। খবর শুনে ছোট শিশুটিকে নিয়ে গতকাল শনিবার হাসপাতালে ছুটে আসেন স্ত্রী সাহেদা বেগম। স্বামীকে দেখে তিনি হতবাক।
শামসুলের মুখ, হাত, পা, বুক ব্যান্ডেজে আবৃত। বাকহীন। দগ্ধ হয়েছে চোখ দুটিও। অক্সিজেন দেওয়া হয়েছে। কেবল বুকটা তাঁর হাঁপরের মতো ওঠা-নামা করছে। তাঁকে রাখাও হয়েছে অন্যদের থেকে আলাদা একটি কক্ষে। ‘বড় মেয়েটিকে বাড়িতে রেখে এসেছি। ছোট ছেলেটিকে নিয়ে এলাম। এসে এ কী দেখছি আমি। আল্লাহ এ কী করল!’ বলতে বলতে গলা ভারী হয়ে ওঠে সাহেদার।