'এ কেমন দেশ যেখানে কল্পনার মতো জলজ্যান্ত মানুষ হারিয়ে যায়?'

কল্পনা চাকমাকে ২২ বছর আগে অপহরণ করা হয়েছে। কিন্তু এখনো এই মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়নি। এই মামলার উচ্চপর্যায়ের তদন্ত ও যথাযথ বিচার করতে হবে এবং অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
আজ সোমবার সকালে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘কল্পনা চাকমা অপহরণের ২২ বছর তদন্ত প্রতিবেদন প্রকাশ ও মামলার বর্তমান পরিপ্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। হিল উইমেন্স ফেডারেশন ও বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ‘এ কেমন দেশ, যেখানে কল্পনা চাকমার মতো জলজ্যান্ত একজন মানুষ হারিয়ে যায়? তাঁর কী পরিণতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। রাষ্ট্রপক্ষও বলতে পারছে না তিনি কোথায় গেলেন। আমরা বিচারহীনতার দেশ হিসেবে বাংলাদেশকে দেখতে চাই না। আমরা চাই কল্পনা অপহরণের বিচার হোক।’
মানবাধিকারকর্মী ও নিজেরা করির সমন্বয়ক খুশী কবির বলেন, ‘কল্পনা অন্যায়ের প্রতিবাদ করতেন। তিনি সাহসী ছিলেন। তাঁকে ২২ বছর আগে সুপরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। তাঁর বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা এর পেছনে লেগে থাকব।’
বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাখি দাশ পুরকায়স্থ বলেন, কল্পনা পাহাড়ি জনগোষ্ঠীর সংগ্রামের প্রতীক। ২২ বছরে শুধু সময়ই গেছে। কল্পনাকে কী করা হয়েছে, তা কেউ জানে না।

বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, ‘কল্পনা চাকমা অপহরণের মামলায় ২২ বছরে ৩৯ বার তদন্ত কর্মকর্তা বদলেছে। আমরা মানবতার জন্য গর্ব করে বলি, ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি কিন্তু আমাদের আদিবাসীদের সঙ্গে অপমানসূচক আচরণ করা হয়। কল্পনার মা বিচারের আশায় থাকতে থাকতে মারা গেলেন।’
আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন হিল উইমেন্স ফেডারেশনের সহসভাপতি চন্দ্রা ত্রিপুরা। তিনি কল্পনা চাকমা অপহরণের ঘটনা তুলে ধরে বলেন, কল্পনা তৎকালীন হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ১৯৯৬ সালের এই দিনে রাঙামাটির বাঘাইছড়ির নিউলাল্যাঘোনা গ্রামে নিজ বাড়ি থেকে কল্পনাকে অপহরণ করা হয়। ওই রাতে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল কল্পনা চাকমাকে বাড়ি থেকে অপহরণ করে। ওই সশস্ত্র দলের সঙ্গে থাকা তিনজনকে কল্পনার দুই ভাই কালিন্দী ও লাল বিহারী চাকমা চিনতে পারেন। এই তিনজন হলেন তাঁদের বাড়ির কাছের কজইছড়ি সেনাক্যাম্পের দায়িত্বে থাকা তৎকালীন লেফটেন্যান্ট ফেরদৌস, গ্রাম প্রতিরক্ষা দলের (ভিডিপি) প্লাটুন কমান্ডার নুরুল হক ও পিসি মো. সালেহ আহম্মদ।
চন্দ্রা ত্রিপুরা বলেন, অবিলম্বে কল্পনার অপহরণ মামলার উচ্চপর্যায়ের তদন্ত ও দোষী ব্যক্তিদের যথাযথ বিচার নিশ্চিত করা এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান।
আলোচনা সভায় বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সদস্যসচিব চঞ্চনা চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য ও বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা, সাংবাদিক বিপ্লব রহমান। সঞ্চালনা করেন বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সমন্বয়কারী ফাল্গুনী ত্রিপুরা।