'এ কেমন হরতাল, কেমন রাজনীতি?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঈদের আমেজ শেষ হতে না-হতেই জামায়াতের হরতাল! দেশের মানুষ কি আনন্দ ও হাসিখুশিতে ধর্মীয় উৎসবও পালন করতে পারবে না? আনন্দের রেশ নিয়ে মানুষ কি গ্রাম থেকে কর্মস্থলে ফিরতে পারবে না? জামায়াত মনে হয় তা চায় না। যদি চাইত তবে ঈদের পর এভাবে তারা হরতাল ডাকতে পারত না। এ কেমন হরতাল, কেমন রাজনীতি?’
১২ ও ১৩ আগস্ট জামায়াতে ইসলামীর ডাকা দুদিনের হরতালের ব্যাপারে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন মোহাম্মদ আলী আশরাফ (৪০)। শেরপুর জেলা শহরের গৌরীপুর মহল্লার এই বাসিন্দা রাজধানী ঢাকায় একটি বায়িং হাউসে মার্চেন্ডাইজার পদে চাকরি করেন। কর্মস্থলে খুব একটা ছুটি পান না। শুধু দুই ঈদে বাড়িতে আসেন। এবার ঈদের পরপরই জামায়াত হরতাল ডাকায় কর্মস্থলে ফেরা নিয়ে তাঁর যত চিন্তা আর ক্ষোভ।
পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন আর ছোট বোনের বিয়ে উপলক্ষে ৫ আগস্ট বাড়িতে এসেছেন শেরপুর সদর উপজেলার সোনাবরকান্দা গ্রামের আলী আহাম্মদ (৪৮)। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। গতকাল মঙ্গলবার সকালে মোহাম্মদ আলীর সঙ্গে আলাপকালে তিনি বলেন, ১২ আগস্ট তাঁর বোনের বিয়ের দিন ঠিক করা হয়েছিল। বরের বাড়ি নারায়ণগঞ্জ। কিন্তু ওই দিন জামায়াত হরতাল ডাকায় এখন বরপক্ষ থেকে বিয়ের দিন পেছাতে বলা হচ্ছে।
হরতালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পরিবহন খাত। শেরপুর জেলা শহরের গোপাল বাড়ি মহল্লার পরিবহন ব্যবসায়ী তাপস রায় বলেন, জামায়াতের হরতালের কারণে এবার ঈদে অনেকেই ঢাকা থেকে গ্রামে আসতে চাইছে না। ঢাকা থেকে শেরপুরগামী বাসযাত্রী অন্যান্য বছরের তুলনায় এবার অনেক কম।
শেরপুর শহরের নবীনগর বাস টার্মিনালের কুলি কেরামত আলী (৫০) বলেন, প্রত্যেক বছর ঈদ উপলক্ষে অনেক মানুষ বাড়িতে আসে। কিন্তু এবার যাত্রী কম। তাই এবার তাঁদের আয়-রোজগারও কম।
সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নের মো. শফিউল নরসিংদীর বাবুরহাটে রং-সুতার ব্যবসা করেন। পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে বাড়ি এসেছেন। তিনি বলেন, রোজার শুরুতেই হরতাল ব্যবসা-বাণিজ্যের অনেক ক্ষতি করেছে। এখন ঈদের পর হরতালে আরও ক্ষতি হবে।
যোগাযোগ করা হলে শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া প্রথম আলোকে বলেন, হরতালে সাধারণ মানুষের নৈতিক সমর্থন নেই। হরতালে মানুষের চরম ভোগান্তি হয়। জামায়াতের ডাকা হরতালে ঈদের আনন্দ অনেকটাই ম্লান হয়ে যাবে। তিনি হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করার প্রতিবাদে প্রথমে ১২ ও ১৩ আগস্ট দেশব্যাপী হরতাল ডাকে সংগঠনটি। পরে এই সময় পরিবর্তন করে ১৩ ও ১৪ আগস্ট হরতাল ডেকেছে তারা।