'এ কেমন হাসপাতাল?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাঁচ বছরেও ডাক্তার দেখনু না। হামার অসুখ-বিসুখ হইলে এটে কোনা চিকিৎসা নিবার পারি না। এটা কেমন হাসপাতাল?’ বলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার সরদারপাড়া গ্রামের গৃহবধূ সুলতানা খাতুন। গত সোমবার উপজেলার আলমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র সম্পর্কে তিনি এই মন্তব্য করেন।

সোমবার উপজেলার ভীমপুর গ্রামের রুজিফা খাতুন দুই বছরের ছেলে রায়হান হোসেনকে নিয়ে কেন্দ্রটিতে আসেন। ছেলে তাঁর কয়েক দিন ধরে ঠান্ডাজনিত অসুখে ভুগছে জানানোর সঙ্গে সঙ্গে হাতে কয়েকটি বড়ি ধরিয়ে দিলেন কেন্দ্রের পরিবারকল্যাণ পরিদর্শিকা পঞ্চমী রানী। পরে রেহেনা বেগম ও সোলেমা খাতুন নামের আরও দুই গৃহবধূ তাঁদের অসুখের কথা বলেন। ঝটপট তাঁদের হাতেও ওষুধ দেওয়া হয়। তিনজনকে ওষুধ দিতে পরিদর্শিকা সময় নেন মাত্র ৫৪ সেকেন্ড।

এ বিষয়ে জানতে চাইলে পঞ্চমী রানী প্রথম আলোকে বলেন, ‘কী আর করা। আমি একা। চিকিৎসা দেওয়ার মতো আর কেউ নেই। কয়েক ঘণ্টার মধ্যে ৯০-৯৫ জন রোগী দেখতে হয়।’ তিনি আরও বলেন, ‘প্রতিদিন সকালে আসি। এখানে বসবাসের মতো পরিবেশ নেই। তাই রাতে থাকি না। বিদ্যুৎ নেই, পানির অভাব। পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানানো হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি।’

উপজেলা সদর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে এই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটির ভবনের দরজা-জানালা ভেঙে গেছে। চিকিৎসকের আবাসিক ভবনটিও ঝুঁকিপূর্ণ। ভবনের পেছনে ঝোপঝাড়ে ভরে গেছে। এখানে একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসক কর্মকর্তা, একজন পরিবারকল্যাণ পরিদর্শিকা, একজন ফার্মাসিস্ট, একজন পিয়ন ও একজন আয়া থাকার কথা। কিন্তু আছেন পরিবারকল্যাণ পরিদর্শিকা, আয়া ও পিয়ন।

শেরমস্তা গ্রামের গৃহবধূ হাফেজা খাতুন বলেন, ‘এটা থাকি হামার লাভ কী? এটে ডাক্তার থাকে না। ওষুধ পাওয়া যায় না। হামার অসুখ-বিসুখ হইলে চিকিৎসা নিবার যাবার নাগে রংপুর শহরত।’

ভীমপুর গ্রামের যুবক রফিকুল ইসলাম বলেন, যাঁদের একটু অবস্থা ভালো, তাঁরা এখানে আসেন না। গরিব মানুষ বাধ্য হয়ে এখানে এলেও চিকিৎসক না থাকায় তাঁরা সুচিকিৎসা পান না।

মুঠোফোনে জানতে চাইলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে আরা বলেন, স্বাস্থ্যকেন্দ্রটির সমস্যাসহ চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।