'এ ক্যামোন ভোট আইল দ্যাশে!'
‘এ ক্যামোন ভোট আইল দ্যাশে। ভোটই হামারগে বিপদ ডাইক্যা আনল। এরপর থাইক্যা ভোট পচাব। আর ভোটই দিতে যাব না। মরদগালাকেও (পুরুষদের) কহবো যেন তারাও না যায়।’
গতকাল শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) অনুপনগর গ্রামের গৃহবধূ শওকত আরা (৩২) প্রথম আলোকে এসব কথা বলেন।
২৩ এপ্রিল এ ইউপির নির্বাচনের দিন সন্ধ্যায় কয়েকটি কেন্দ্রে ফলাফল ঘোষণা না করেই ব্যালট বাক্সসহ ফিরছিলেন প্রিসাইডিং কর্মকর্তারা। এতে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবদুল বাদী বাদশার সমর্থকেরা অনুপনগর রাস্তা গতিরোধ করেন। তাঁরা পুলিশের দিকে ইটপাটকেল ছোড়েন। জবাবে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়ে। এতে কয়েকজন আহত হন।
এ ঘটনায় পুলিশ বাদী মামলায় গ্রেপ্তার আতঙ্কে অনুপনগর গ্রাম এখন প্রায় পুরুষশূন্য। বেশ কয়েকজন গৃহবধূ জানিয়েছেন, দিনের বেলায় কিছুসংখ্যক পুরুষ বাড়িতে এলেও রাতে তাঁরা অন্য গ্রামে গিয়ে থাকেন।
বেনী বেগম (৭০) নামের একজন বৃদ্ধা বলেন, ‘আমার স্বামী শাহ আলম বিশ্বাসকেও (৮০) আসামি করা হয়েছে। লোকটা অসুস্থ। গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন। এটা খুবই অপমানজনক ও বেদনাদায়ক।’
শাহ আলমের বড় ভাই চক্ষু চিকিৎসক, বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতির জেলা শাখার সভাপতি আয়াজ উদ্দীন বলেন, ‘আমার ছোট ভাইয়ের চোখে সম্প্রতি অস্ত্রোপচার করা হয়েছে। সে যকৃতের রোগেও ভুগছে। এমন বয়স্ক ও অসুস্থ একজন লোকের পক্ষে কোনো সহিংস ঘটনায় অংশ নেওয়া একেবারেই অসম্ভব। এরপরও আমার ভাই শাহ আলমকে আসামি করার বিষয়টি বিস্ময়কর।’
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল বাদী বাদশা অভিযোগ করেন, নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও কয়েকটি কেন্দ্রে প্রার্থীর এজেন্টদের ফলাফলের কাগজ না দিয়েই ব্যালট বাক্স নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয় জনগণ এরপর প্রতিবাদ জানান। এখন পুলিশের ভয়ে লোকজন গ্রামছাড়া।
পুলিশের জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) আবদুল্লা আল মামুন বাদী হয়ে দায়ের করা মামলায় আবদুল বাদী বাদশা, আলম বিশ্বাসসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনকে আসামি করা হয়।
৮০ বছরের এক বৃদ্ধকে এ মামলার আসামি করার বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, কাউকে অযথা হয়রানি না করার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে নির্দোষ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।