
‘রাজা সম্মান পান নিজ দেশে। কিন্তু বিদ্বান সম্মানিত হন দেশে ও বিদেশে।’
ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মভূষণ’ পাওয়ায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাঁরই ছাত্রতুল্য অধ্যাপক গোলাম মুস্তাফা পুরোনো এই কথাটি মনে করিয়ে দিলেন। ঠিক এ সময়েই টেলিফোনে অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হলেন পশ্চিমবঙ্গের কথাশিল্পী ও দেশ পত্রিকার সম্পাদক হর্ষ দত্ত। তিনি আনিসুজ্জামানকে ‘বিশ্বপ্রতিম বাঙালি’ হিসেবে অভিহিত করে বললেন, ‘আনিসুজ্জামানের এই সম্মান শুধু বাংলাদেশের নয়, বাঙালি হিসেবে পশ্চিমবঙ্গের মানুষের জন্যও গৌরবের।’
দেশের জন্য নিবেদিতপ্রাণ শিক্ষক, সর্বজনশ্রদ্ধেয় আনিসুজ্জামান পদ্মভূষণে ভূষিত হওয়ায় গতকাল বৃহস্পতিবার সংগীত সংগঠন সুরের ধারা ধানমন্ডির বেঙ্গল শিল্পালয় প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছায়, ব্যক্তিগত স্মৃতিচারণায় আর গানে গানে উপস্থিত সবাই এ গুণী মানুষটিকে অকুণ্ঠ শ্রদ্ধা ও ভালোবাসা জানালেন।
বিকেল চারটার কিছুক্ষণ পর স্ত্রী সিদ্দিকা জামানকে সঙ্গে নিয়ে আনিসুজ্জামান এলেন বেঙ্গল শিল্পালয়ে। আগে থাকতেই ফুলে ফুলে সাজানো ছিল তাঁর চলার পথ। সস্ত্রীক তিনি প্রবেশ করতেই ফুলের পাপড়ি ছিটিয়ে স্বাগত জানানো হলো তাঁদের। এ সময় শিল্পীরা গেয়ে ওঠেন ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’। আলোচনার ফাঁকে পরিবেশিত হয়েছে আরও কিছু গান। মঞ্চে ছিলেন আনিসুজ্জামান এবং পাশে ছিলেন তাঁর স্ত্রী সিদ্দিকা জামান। প্রথমেই তাঁদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়।
অনুভূতি জানাতে গিয়ে আনিসুজ্জামান বলেন, ‘জীবনে যেটুকু হতে পেরেছি, তার জন্য আমি অপরিসীম তৃপ্তিবোধ করি। স্কুলে খুবই সাধারণ ছাত্র ছিলাম আমি। পরে ভালো ছাত্র হয়েছি। একসময় শিক্ষকতা করতে চেয়েছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব, ইমিরেটাস অধ্যাপক হব এমন ভাবিনি।’
আনিসুজ্জামান বলেন, ‘সংবর্ধনায় আমি আনন্দিত, বিব্রত। এ অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যা অনেক বিশিষ্টজনকে আমার সম্পর্কে ভালো ভালো কথা বলতে বাধ্য করেছেন, এটা শোনাও বিব্রতকর। তবে আমার এ সম্মানপ্রাপ্তিতে আপনারাও যে আনন্দিত হয়েছেন, সে জন্য আমি কৃতজ্ঞ।’ তিনি তাঁর মা-বাবা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান। সবশেষে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমার স্ত্রীর প্রতি। তিনি আমাকে সাংসারিক সমস্ত চিন্তা থেকে মুক্তি দিয়েছেন। তাতে আমার আলস্য হয়তো একটু বাড়িয়েছেন। আবার অনেক কাজ করারও সুযোগ করে দিয়েছেন।’
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে সুরের ধারার অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘অধ্যাপক আনিসুজ্জামান আমাদের প্রাণের মানুষ। তিনি যে সম্মান দেশের জন্য বয়ে এনেছেন, তাঁর এই সম্মান প্রাপ্তিটাকে স্মরণীয় করে রাখতে চাই।’
বক্তৃতাপর্বের শুরুতে আনিসুজ্জামানের সঙ্গে ৬১ বছরের পরিচয় ও সখ্যের কথা সংক্ষেপে তুলে ধরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আনিসের এ অর্জন আমাদের সবার। তাঁর অর্জন ব্যক্তিগতভাবে আমাকে গর্বিত করেছে।’
কবি ও কথাশিল্পী সৈয়দ শামসুল হক বলেন, ‘বঙ্গজননী পঞ্চাশের দশকে রত্নগর্ভা হয়ে উঠেছিল। ওই দশকে দেশ অনেক কবি, সাহিত্যিক ও বুদ্ধিজীবী পেয়েছে। ১৬-১৭ বছরের না কিশোর, না যুবক আনিস সাইকেল চালিয়ে আসতেন, সেই তখন থেকে আমাদের আন্দোলন-সংগ্রামের ইশতেহার লিখেছেন।’ তিনি বলেন, ‘পদ্মভূষণ প্রাপ্তিতে আনিসের এই গৌরব আমারও। এই গৌরব আমার এবং আমাদের সবার।’
সাবেক পররাষ্ট্রসচিব ফারুক চৌধুরী বলেন, দেশের যেকোনো দুর্যোগে সবার আগে যাঁকে পাওয়া যায় তিনি আনিসুজ্জামান। তিনি বলেন, ‘পদ্মভূষণ হয়ে তিনি যে পদ্ম নিয়ে এসেছেন, আমরা সবাই সেই পদ্মের রেণু গায়ে মাখতে পারি।’
শিল্পী কাইয়ুম চৌধুরী ১২ নম্বর শান্তিনগর থেকে তাঁদের অবিচ্ছিন্ন সম্পর্কের কথা তুলে ধরে বলেন, ‘সেই থেকে দেখে আসছি আনিসুজ্জামান সবসময় দেশের প্রতি দায়বদ্ধ থেকেছেন। জাতি ক্রান্তিকাল অতিক্রমের দিকনির্দেশনা পায় তাঁর কথায় ও কাজে।’
সাবেক তত্ত্ব্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, আনিসুজ্জামান কখনো তাঁর আদর্শ থেকে বিচ্যুত হননি। দায়বদ্ধতা ও সততায় অবিচল আছেন সর্বদা। সময়ের দায়ভার নিষ্ঠার সঙ্গে বহন করে চলেছেন তিনি।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘অধ্যাপক আনিসুজ্জামান আমার সরাসরি শিক্ষক নন। কিন্তু তাঁকে আমি শিক্ষক হিসেবে মানি। পঞ্চাশের দশকে আমাদের রাজনীতি, প্রশাসন, শিল্প-সাহিত্য—সব মাধ্যমেই অনেক উজ্জ্বল মানুষের আবির্ভাব ঘটেছে। এসব উজ্জ্বল মানুষের মধ্যে নিজেকে অতি সাধারণ হিসেবে উপস্থাপন করেন তিনি, আবার তিনিই অতি উজ্জ্বল এক তারকা, তিনি আনিসুজ্জামান। যেকোনো সংকটে আমরা তাঁর কাছে সব কথা খুলে বলতে পারি।’
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী বলেন, ভারতের এ উপাধি বিদেশিরা খুব বেশি পাননি। এর আগে বাংলাদেশের একজন কাজী নজরুল ইসলাম এ উপাধি পেয়েছিলেন। তবে নজরুল তখনো ছিলেন ভারতের নাগরিক। কাজেই বলা চলে, আনিসুজ্জামানই প্রথম বাংলাদেশি, যিনি পদ্মভূষণে ভূষিত হয়েছেন।
অনুষ্ঠানে এ ছাড়া কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, উপসম্পাদক আনিসুল হক প্রমুখ শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক শফি আহমেদ।