'এ তো গ্রামের রাস্তার চেয়ে খারাপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর রোডের ধানমন্ডি ২৭ নম্বর মোড় থেকে টেকনিক্যাল মোড় পর্যন্ত সড়কে ছোট-বড় অসংখ্য গর্ত। স্বাভাবিকভাবে গাড়ি চালানো কঠিন এখন এই সড়কে। তার ওপর বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে আরও খারাপ অবস্থা তৈরি হয়। যাত্রীদের দুর্ভোগ তো আছেই, ক্ষতিগ্রস্ত হয় যানবাহনও।

গণভবনের বিপরীতে মিরপুর রোডে তৈরি হয়েছে খানাখন্দ। গতকাল তোলা ছবি l প্রথম আলো
গণভবনের বিপরীতে মিরপুর রোডে তৈরি হয়েছে খানাখন্দ। গতকাল তোলা ছবি l প্রথম আলো

গতকাল মঙ্গলবার দুপুরের বৃষ্টিতে ডুবে যায় মিরপুর রোডের ধানমন্ডি ২৭ নম্বর মোড়। উত্তর দিকের ফুটওভারব্রিজের নিচ পর্যন্ত সড়কে পানি জমে যায়। এর উল্টা পাশে ধানমন্ডি বয়েজ হাইস্কুলের সামনেও রাস্তা ভাঙা আর স্কুলের দেয়াল ঘেঁষে পয়োনিষ্কাশনের নালা তৈরির কাজের জন্য ফুটপাত ও রাস্তা কেটে রাখা হয়েছে। নর্দমা তৈরির জন্য পোঁতা রডের মাথা বের হয়ে আছে। নালার মধ্য থেকে মাথা বের করে রেখেছে কয়েক রঙের পাইপ।

স্কুল থেকে বেরিয়ে এই পথের সামনে পড়তে হয় বলে ক্ষোভ প্রকাশ করেন সামিনা জাহান। তিনি তাঁর ছেলের কাছ থেকে স্কুল ব্যাগটা নিয়ে গেট পার হলেন খুব সতর্কতার সঙ্গে। এই গেট পার হয়ে আসাদ গেটের দিকে যেতে রাস্তার মোড়ে ফুটপাতে আরও বড় কাটাকাটি।

আর কিছুদূর এগোলেই আসাদ গেটের কাছে মূল সড়কের কয়েকটি স্থানে খানাখন্দ আর কাদা। এগুলো সতর্কভাবে পার হওয়ার চেষ্টা করেন পথচারী ও যানবাহনের জন্য অপেক্ষারত মানুষ। এর মধ্যেই পাশ দিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস কাদাপানি ছিটিয়ে যায়। বিরক্ত এক পথচারী মন্তব্য করেন, ‘এ তো দেখি গ্রামের রাস্তার চেয়ে খারাপ।’

আসাদ গেটের সামনে গাবতলী যাওয়ার জন্য অপেক্ষা করছেন লালমাটিয়া মহিলা কলেজের স্নাতকোত্তরের দুই শিক্ষার্থী ফারহানা আক্তার ও সানজিদা আফরীন। ফারহানা বলেন, গাবতলী পর্যন্ত রাস্তার বিভিন্ন জায়গায় কাটা হয়েছে আর মাজার রোডের অবস্থা এত খারাপ যে বলার মতো না। বৃষ্টি হলে এসব রাস্তায় চলা আরও কষ্টকর হয়ে যায়।

সানজিদা বলেন, এ সড়কে সহজে গাড়িতে ওঠা যায় না। বৃষ্টি হলে খারাপ রাস্তার কারণে ঘণ্টাখানেকের আগে গাড়িতে ওঠা কঠিন।

এখানেই বাসের জন্য অপেক্ষা করছিলেন মধ্যবয়স্ক আমিন বেগম। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘কাজ করে খাই, তবু রাস্তাঘাটে চলাফেরায় শান্তি নাই।’

ইকবাল রোডের মোড়ে নালা ও ফুটপাত তৈরির কাজ চলছে। নালার মাটি ও ইট-সুরকি সব মূল সড়কের ওপরেই রাখা আছে। এই অবস্থা কল্যাণপুর পর্যন্ত সড়কের দুই পাশেই।

নালা, ফুটপাত ও সড়কের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আসিফ ট্রেডার্স। তার আবার উপঠিকাদার আছে। তিনি মো. সবুজ। বললেন, এক বছরে এ সড়কের কাজ করার কথা হয়েছে। জুন মাসে নালা ও ফুটপাতের কাজ শুরু হয়েছে। পূর্ব পাশের সড়কে প্রায় ৮০ ভাগ আর পশ্চিম অংশে প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। এ বছরের মধ্যে এগুলোর কাজ শেষ হয়ে যাবে।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের সামনে এবং রেসিডেনসিয়াল মডেল কলেজের সামনের রাস্তায়ও ছোট ছোট গর্ত। বাবর রোড, গজনবী রোড, সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে রাস্তাজুড়ে ছোট ছোট খানখন্দ।

সোহরাওয়ার্দী হাসপাতালে রোগী নিয়ে আসা মো. জাহাঙ্গীর বলেন, ‘ঢাকা সিটির ভেতর রাস্তার অবস্থা এ রকম হলে কেমন হয়। তাও যদি হয় মেইন রোডের অবস্থা! এগুলা কেন ঠিক করা হয় না?’

শ্যামলীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, শিশুমেলার সামনের সড়ক এবং শ্যামলী বাসস্ট্যান্ডের সড়কটিও কয়েক জায়গায় ভাঙা এবং গর্তে ভরা। এ সড়কের মাঝেই একটি ব্যক্তিগত গাড়ি চাকা নষ্ট হয়ে যাওয়ার কারণে থেমে যায়।

শ্যামলী পার হয়ে কল্যাণপুর যাওয়ার পথে সড়কের পশ্চিম পাশে কোনো খানাখন্দ বা গর্ত চোখে পড়েনি। তবে পূর্ব পাশে টেকনিক্যাল থেকে শ্যামলী পর্যন্ত সড়কটির মাঝ বরাবর কাটার কারণে উঁচু-নিচু হয়ে আছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (৫ নম্বর অঞ্চল) নির্বাহী প্রকৌশলী মো. শরিফ হোসেন প্রথম আলোকে বলেন, মূল সড়কের কাজ বাদে ফুটপাত ও সড়ক বিভাজকের কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। বৃষ্টির কারণে মূল সড়কের কাজ করা যাচ্ছে না। আবহাওয়া অনুকূলে এলে গর্তগুলো ভরাট করা ও সড়ক সংস্কারের কাজ করা হবে। তিনি বলেন, আগামী দুই দিনের মধ্যে সাময়িকভাবে রাস্তার কাজ করা হবে।

তিনি জানান, ফুটপাতের কাজের মধ্যে গণভবন অংশের উভয় পাশে ২৩৪ মিটারের কাজ করা হয়নি। এ অংশে কাজ করার জন্য এসএসএফের অনুমতি চাওয়া হয়েছে।

এ-সংক্রান্ত ভিডিও দেখতে লগইন করুন প্রথম আলো অনলাইনে ( www.prothom-alo.com ) অথবা প্রথম আলোর ইউটিউব চ্যানেলে (www.youtube.com/ProthomAlo)।