‘এ দেশ যতটুকু বাঙালির ঠিক ততটুকু আদিবাসীর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ও হিলট্রাক্টস স্টুডেন্ট ফোরামের উদ্যোগে মানববন্ধন হয়েছে। কালো কাপড়ের ব্যানারে ‘এ দেশ যতটুকু বাঙালির, ঠিক ততটুকু আদিবাসীর’—এ আহ্বান জানিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ওই মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে রাঙামাটির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলা হয়, ২২ সেপ্টেম্বর দুই ছাত্রের মধ্যে সামান্য হাতাহাতি নিয়ে হামলায় রাঙামাটি সদর আজও অশান্ত। শান্তিপ্রিয় পাহাড়িরা এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন অতিবাহিত করছে। এ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, নিরীহ পাহাড়িসহ আহতদের চিকিৎসা নিশ্চিত করে হামলাকারীদের চিহ্নিত করার দাবি জানানো হয়। মানববন্ধনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, ওসমানী মেডিকেল কলেজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত অর্ধশতাধিক আদিবাসী ছাত্রছাত্রী একাত্ম হন। মানববন্ধন চলাকালে কিশোর চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ মণিপুরি ছাত্র পরিষদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, হিলট্রাক্টস স্টুডেন্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক দীপেশ চাকমা, সাধারণ সম্পাদক রুমেল চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক অজল দেওয়ান, আদিবাসী শিক্ষার্থী ভুবনজিৎ তঞ্চঙ্গ্যা, দেবেজ চাকমা, শুভ্র চাকমা। আদিবাসীদের অস্তিত্ব ও অধিকার রক্ষার্থে সমাবেশ থেকে আদিবাসী পাহাড়িদের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভাষাগত ও সংস্কৃতিগত আগ্রাসন বন্ধ, পার্বত্য চট্টগ্রামে জাতিগত সংঘাত বন্ধ করা, ভূমি দখল বন্ধ করা এবং এসব সহিংস ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।