‘এ দেশে না থাকলেও দেশকে কখনো ভুলতে পারিনি’
‘সাম্রাজ্যবাদী শক্তির ষড়যন্ত্রে দেশ ভাগ হয়েছে। আমরা হয়েছি দুই দেশের নাগরিক। এখন আর এক হওয়ার সুযোগ না থাকলেও বারবার মিলনের সুযোগ রয়েছে। তাই ৬০ বছর পর জন্মভূমির টানে কালীকচ্ছ গ্রামে এসেছি। ঘুরে ঘুরে শৈশবের স্মৃতিচিহ্নগুলো খুঁজে ফিরছি। এ দেশে না থাকলেও দেশকে ভুলতে পারিনি।’ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের সন্তান ভারতের লোকসভায় একাধিকবার নির্বাচিত সদস্য অমিতাভ নন্দী আবেগে আপ্লুত কণ্ঠে গতকাল শনিবার এসব কথা বলেন।‘কালীকচ্ছ সম্মিলনী’ সংগঠনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামে এম এ বাশার আইডিয়াল ইনস্টিটিউট প্রাঙ্গণে গতকাল শুরু হয়েছে দুই দিনের সম্মেলন। ‘মিলনমেলা-বন্ধন’ শীর্ষক এ সম্মেলন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভারত থেকে এসেছেন শতাধিক অতিথি।সম্মেলন উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়ীয়া সদর আসনের সাংসদ র আ ম উবাইদুল মোকতাদির চোধুরী। গতকালের প্রথম অধিবেশনে স্মৃতিচারণামূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালীকচ্ছ সম্মিলনীর বাংলাদেশ অংশের সভাপতি স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা।ভারতীয় নেতা অমিতাভ নন্দী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ মিলনমেলার বার্তা পৌঁছাতে হবে। যুগ যুগ ধরে এ আয়োজন অটুট রাখতে হবে।ত্রিপুরা বিধানসভার বিধায়ক রাজ্যের সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী পবিত্র কর বলেন, ‘রাজনৈতিক বিভাজনের কারণে আমাদের দেশ ত্যাগ করতে হয়েছিল। তবে মাটির টানে আবার এ দেশে এসেছি। বারবার আসব। কেননা, মাটির টান ভোলা যায় না।’ তিনি আরও বলেন, দেশ দুই ভাগে বিভক্ত হলেও রবীন্দ্রনাথ ও নজরুল ইসলাম ভাগ হননি।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংরক্ষিত আসনের জুবাইদা আক্তার পারুল, কলকাতার ইলা নন্দী, চিকিৎসক পাপিয়া নন্দী, চিকিৎসক অশেষ নন্দী, আগরতলার শান্তিব্রত চক্রবর্তী প্রমুখ। জানা যায়, বর্তমানে ভারতে স্থায়ীভাবে বসবাসকারী কালীকচ্ছ গ্রামের এককালের অধিবাসীরা কালীকচ্ছ সম্মিলনী সংগঠন গঠন করেছেন। এই সংগঠনের উদ্যোগে ২০০৯ সালে কলকাতায় ও ২০১০ সালে আগরতলায় সম্মেলন অনুষ্ঠিত হয়। তৃতীয় সম্মেলন কালীকচ্ছ গ্রামে অনুষ্ঠিত হচ্ছে।