'এ দেশের মানুষ প্রকৃত অর্থেই অসাম্প্রদায়িক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেছেন, ‘কান্তজিউ মন্দিরের রাস উৎসব ও মেলা সব ধর্মের মানুষের মিলনক্ষেত্রে পরিণত হয়েছে। সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, এ দেশের মানুষ প্রকৃত অর্থেই অসাম্প্রদায়িক।’
গতকাল সোমবার রাতে দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে রাস উৎসব ও মাসব্যাপী রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বীরেন শিকদার। তিনি আরও বলেন, গত বছর রাসমেলায় নাশকতামূলক ঘটনা ঘটেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত কঠোর পদক্ষেপ ও দিকনির্দেশনায় দেশে জঙ্গিবাদের শেকড় উপড়ে ফেলা হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় (কাহারোল-বীরগঞ্জ) সাংসদ মনোরঞ্জন শীল বলেন, ঐতিহাসিক কান্তজিউ মন্দির বাংলাদেশকে বিশ্বের মানুষের কাছে পরিচয় করিয়ে দিয়েছে। গত ৩০০ বছরে ভূমিকম্পসহ অনেক প্রাকৃতিক দুর্যোগ গেছে। মন্দিরের চূড়াগুলো ভেঙে গেছে। অতীতে কোনো সরকার এটি সুরক্ষা বা সংস্কারের উদ্যোগ নেয়নি। কিন্তু বর্তমান সরকারের আমলে এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মন্দিরকে ঘিরে ব্যাপক উন্নয়ন করেছে।
দিনাজপুরে রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট বাবু অমলেন্দু ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম মোল্লা, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক প্রমুখ। অনুষ্ঠান উদ্বোধনকালে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মো. হামিদুল আলম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ প্রমুখ।
রাতে মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, হাজারো ভক্তের ভিড়ে তিল ধারনের ঠাঁই নেই। প্রায় দুই বর্গকিলোমিটার এলাকাজুড়ে বসেছে পুতুলনাচ, ধর্মীয় ভজন, কীর্তন ও পালাগানের আসর। হিন্দুধর্মীয় বইপুস্তক, শাঁখা-সিঁদুর, শঙ্খ, বালা, চুড়িসহ নানা পণ্যের পসরা। মন্দির প্রাঙ্গণে খড়, চাটাই, পাটের চট বিছিয়ে নারী-পুরুষ ভক্তেরা রাত যাপন করেছেন।
ফরিদপুর শহর থেকে আসা পুণ্যার্থী সজনী কান্ত (৬০) প্রথম আলোকে বলেন, তিনি প্রতিবছর এই রাস উৎসবে আসেন। ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পরিমল চক্রবর্তী (৫৫) বলেন, তাঁর মতো ভারতের, বিশেষ করে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার শত শত ভক্ত প্রতিবছর মেলায় আসেন।