ফেনীর দাগনভূঞা পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী কাজী সাইফুর রহমানের পক্ষে গতকাল মঙ্গলবার গণসংযোগ করেছেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান।
মোহাম্মদ শাহজাহান পৌরসভার বসুরহাট সড়ক, ফাজিলের ঘাট সড়ক, জিরো পয়েন্ট এলাকা, আতাতুর্ক স্কুল মার্কেট ও চৌমুহনী সড়কে গণসংযোগ করেন। এর আগে তিনি প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মোহাম্মদ শাহজাহান বলেন, এ নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এ নির্বাচন সরকার ও নির্বাচন কমিশনের জন্য অগ্নিপরীক্ষা। বিএনপি এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ শাহজাহান বলেন, বিএনপি নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থেকে লড়াই করে যাবে। সরকার নগ্ন হস্তক্ষেপ না করলে বিএনপির মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে। তিনি বলেন, সরকার যদি প্রহসনের নির্বাচন করে, তাহলে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে বিতাড়িত করা হবে।
মোহাম্মদ শাহজাহান বলেন, ফেনীতে বিএনপিসহ অন্য দলের প্রার্থীদের ভয়ভীতি দেখিয়ে মনোনয়নপত্র জমা না দিতে অথবা প্রত্যাহার করে নিতে বাধ্য করা হয়েছে। এতে ৯৫ শতাংশ সরকারদলীয় প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফেনীর এ নির্বাচনের মাধ্যমে সরকারের নগ্ন চেহারা ফুটে উঠেছে।
এ সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন, নোয়াখালী পৌরসভার মেয়র হারুন অর রশিদ আজাদ উপস্থিত ছিলেন।