'এ নির্বাচন সুষ্ঠু হবে কীভাবে?'
আসন্ন পৌরসভা নির্বাচনে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘সন্দেহ ছিল যে উনি (প্রধান নির্বাচন কমিশনার) সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না, সেই সন্দেহই আজ সুদৃঢ় হয়েছে। উনি প্রধানমন্ত্রীর সাহায্য চাইতে পারেন না। ওনার শক্তি এখন নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রীর অনেক ঊর্ধ্বে। উনি সেটা ভুলে যান। এটা চাকরি নয়, একটা কমিটমেন্ট, সাংবিধানিক দায়িত্ব। এ দায়িত্ব পালন করা থেকে উনি বিচ্যুত হচ্ছেন।’
আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন এরশাদ।
তিনি বলেন, ‘আমি প্রথম থেকে বলেছি এই নির্বাচন আওয়ামী লীগের জন্য অগ্নিপরীক্ষা। গত মেয়র নির্বাচন যেমন হয়েছে, এই নির্বাচন যেন সেরকম না হয়। যা দেখছি আমার মনে হচ্ছে এই আশা দুরাশাই রয়ে যাবে। অগ্নিপরীক্ষায় আওয়ামী লীগ হয়তো উত্তীর্ণ হতে পারবে না।’
নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমরা প্রার্থী দিয়েছিলাম এক শ কি দেড় শ। অর্ধেক ভয়ে বসে গেছে। কারও বাড়িতে আগুন দেবে, কাউকে মেরে ফেলবে এই ভয় দেখায়। এ নির্বাচন সুষ্ঠু হবে কীভাবে? এ নির্বাচন কেন জানি মনে হচ্ছে মেয়র নির্বাচনের মতোই হবে। নয়টার মধ্যে ভোট শেষ। সে নির্বাচন তো জনগণ মেনে নেয়নি। এবারও মেনে নেবে না। কিন্তু দেশ চলতে থাকবে, সরকারও চলতে থাকবে।’
সম্মেলনে বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির উন্নয়নের ইতিহাস যদি আবার নতুন করে লিখতে হয় তাহলে আমাদের আবার ক্ষমতায় যেতে হবে। এ জন্য পার্টিকে সত্যিকারভাবে সংগঠিত করে মজবুত ভিতের ওপর দাঁড় করাতে হবে।’
বক্তব্য শেষে এরশাদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হিসেবে সৈয়দ আবু হোসেন বাবলা ও সাধারণ সম্পাদক হিসেবে জহিরুল আলম রুবেলের নাম ঘোষণা করেন।
আবুল হোসেন বাবলার সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জি এম কাদের, অধ্যাপক দেলোয়ার হোসেন খান ও এস এম ফয়সল চিশতী।