'এ নির্বাচনে বিএনপি জয়ী হলে গণতন্ত্র সমুন্নত হবে'
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট ও ফেনীর দাগনভূঞা পৌরসভা নির্বাচনে দলের মেয়র পদপ্রার্থীদের পক্ষে গণসংযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। এ ছাড়া গত শুক্রবার ও গতকাল শনিবার বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পটিয়ায় দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ করেন।
দাগনভূঞা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, এ নির্বাচনে বিএনপি বিজয়ী হলে গণতন্ত্র সমুন্নত হবে, জঙ্গিবাদ নিশ্চিহ্ন হবে।
গতকাল দাগনভূঞা পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী কাজী সাইফুর রহমানের পক্ষে গণসংযোগের সময় তিনি এ কথা বলেন।
মওদুদ আহমদ গতকাল বিকেলে পৌরসভার বসুরহাট রোডে কিছুক্ষণ গণসংযোগ করেন। এরপর তিনি উপজেলা সদরের জিরো পয়েন্টে পথসভায় বক্তব্য দেন।
মওদুদ আহমদ বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। জনগণ ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ পাননি। এবার শত প্রতিকূল অবস্থায়ও বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। ধানের শীষে ভোট দেওয়ার এই সুযোগ কাজে লাগাতে হবে।
এ সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন ও মেয়র পদপ্রার্থী কাজী সাইফুর রহমান বক্তব্য দেন।
নোয়াখালী: গত শুক্রবার দিনভর বসুরহাট পৌরসভায় দলের মেয়র পদপ্রার্থী কামাল উদ্দিন চৌধুরীর পক্ষে গণসংযোগ করেন মওদুদ আহমদ। এ সময় তিনি অভিযোগ করেন, সরকার প্রতি থানায় বিএনপির নেতা-কর্মীদের তালিকা করে তাঁদের বিরুদ্ধে নানাভাবে অভিযান অব্যাহত রেখেছে। পুলিশ ও সরকারদলীয় ক্যাডাররা সাধারণ ভোটারদের মধ্যে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।
গণসংযোগের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, পৌর বিএনপির সভাপতি ও মেয়র পদপ্রার্থী কামাল উদ্দিন চৌধুরী।
রাঙামাটি: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার বলেছেন, দেশ ও গণতন্ত্র বাঁচাতে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। সরকারের একনায়ক আচরণের জবাব ভোটের মাধ্যমে দিতে হবে।
গতকাল বিকেলে রাঙামাটি পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী মো. সাইফুল ইসলাম চৌধুরীর পক্ষে তবলছড়ি বটতলায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ধর্মবিষয়ক সহসম্পাদক দীপেন দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম ও মেয়র পদপ্রার্থী মো. সাইফুল ইসলাম চৌধুরী।
পটিয়া: পটিয়ায় বিএনপির মেয়র পদপ্রার্থী তৌহিদুল আলমের সমর্থনে গত শুক্রবার সন্ধ্যায় প্রচারণা চালিয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার ও যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল।
গণসংযোগের সময় দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পটিয়ার সাবেক সাংসদ গাজী মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি কাজী মোহাম্মদ বেলাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি বদরুল খায়ের চৌধুরী, পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর ও মেয়র পদপ্রার্থী তৌহিদুল আলম উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বিএনপির প্রার্থী আবদুল মালেক মিন্টুর পক্ষে গণসংযোগ করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী। গত শুক্রবার তিনি খাগড়াছড়ির সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, দলীয় মেয়র পদপ্রার্থী আব্দুল মালেক মিন্টুসহ শহরের শালবাগান, ইসলামপুর, মুসলিমপাড়া, শান্তিনগর ও আদালত সড়কে গণসংযোগ করেন।
এ সময় রুহুল আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দেবেন।