'এ পরিস্থিতিতে নির্বাচনের কোনো অর্থ নেই'
দুই নেত্রীর সমঝোতা না হওয়ায় দেশজুড়ে আজ আগুন জ্বলছে। সেই আগুনে সাধারণ মানুষ পুড়ে মরছে। এই পরিস্থিতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কোনো অর্থ নেই। গতকাল বৃহস্পতিবার নাগরিক ঐক্যের আহ্বানে ‘এক মিনিট কর্মবিরতি’ কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এই কর্মবিরতির কেন্দ্রীয় কর্মসূচিটি পালিত হয়। তবে নাগরিক ঐক্য থেকে অভিযোগ করা হয়েছে, দেশের বেশির ভাগ স্থানেই পুলিশ কর্মসূচি পালনে বাধা দিয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচিতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার জোর করে যে একতরফা নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করছে তা কোনোভাবেই গ্রহণ করা সম্ভব না। বিএনপি ও জামায়াত যে সহিংস উপায়ে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে তাও মেনে নেওয়া যায় না।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম দুদলের গণবিরোধী অবস্থানের বিরোধিতা করে জনগণকে সংগঠিত হয়ে প্রতিবাদে নামার এবং জামায়াত-শিবিরের তাণ্ডবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
বেলা সাড়ে ১১টা থেকে ১২টা ২০ পর্যন্ত চলা ওই কর্মসূচিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা খালেকুজ্জামান, জাসদ (রব) নেতা আবদুল মালেক রতনসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা কর্মসূচির সঙ্গে সংহতি জানান।