‘এ পাপ ঘৃণ্য সাম্প্রদায়িকতার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ বিবর্ণ ধ্বংসস্তূপ/ এ আমার পাপ নয়/ এ তোমার পাপ নয়/ এ নয় কোন মানুষের পাপ/ এ পাপ ঘৃণ্য সাম্প্রদায়িকতার।’রামুর কেন্দ্রীয় সীমাবিহারের পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের পাশে (আঙিনায়) টাঙানো একটি ব্যানারে লেখা এই উক্তি। ব্যানারটি টাঙিয়েছে চট্টগ্রামের রাউজানের মহামুনি গ্রামবাসী।গতকাল সোমবার সকাল ১০টায় ওই মন্দিরে গিয়ে দেখা গেল, অসংখ্য মানুষ দাঁড়িয়ে ব্যানারের ওই লেখা পড়ছে আর হামলাকারীদের উদ্দেশে ঘৃণা ছুড়ছে।আরেকটি ব্যানারে লেখা হয়েছে, ‘আমরা বৌদ্ধ, আমাদের রক্ষা করুন।’ তা ছাড়া হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করে ব্যানার টানিয়েছে বৌদ্ধ জনগোষ্ঠী, বাংলাদেশ যুব মৈত্রী, ফটিকছড়ি শীল মৈত্রী পরিষদ, হাটহাজারী দীপংকর সোসাইটি, চট্টগ্রাম বুদ্ধ যুব পরিষদসহ অর্ধশতাধিক সংগঠন। বাংলাদেশ বৌদ্ধ সমাজ সংস্কার আন্দোলনের ব্যানারে লেখা রয়েছে, ‘আমরা চাই সম্প্রীতি, মিলন ও শান্তি।’ফটিকছড়ি থেকে রামুর ধ্বংসস্তূপ দেখতে আসা স্কুলশিক্ষক শৈলেন চৌধুরী (৫৫) বলেন, ‘হামলাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। মনে হয়, বর্বর এ ঘটনার কোনো বিচার আমরা পাব না।’রামুর কেন্দ্রীয় সীমাবিহারের সহকারী পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, মন্দিরে হামলার বিচার দাবি করে এবং শোক জানিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে রামুতে ছুটে আসছে বহু সংগঠন, সংস্থা। বিপদে পাশে দাঁড়ানোর এই সহানুভূতির ব্যানারে মন্দির প্রাঙ্গণ ভরে গেছে।রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি উ মং চিং হ্লা বলেন, রামুতে হামলার ঘটনা নিয়ে এখনো সরকারি তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। এরই মধ্যে প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলো নানা মন্তব্য ছুড়ে দিচ্ছে। এতে হামলার মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। হামলার ঘটনা নিয়ে প্রধান দুটি দল রাজনীতি করায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা হতাশ হচ্ছে।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী সাখাওয়াত হোসেন বলেন, গতকাল পর্যন্ত রামুতে হামলার ঘটনায় জড়িত ১০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার বিপরীতে দায়ের করা আটটি মামলায় আরও পাঁচ হাজার অজ্ঞাতনামা আসামি রয়েছে। ভিডিও ফুটেজ ও ছবি দেখে হামলাকারীদের ধরার জন্য গ্রামে গ্রামে অভিযান চলছে। এ কারণে রামুর ১২টি গ্রাম এখন পুরুষশূন্য।