‘এ প্রজন্মের মুক্তিবাহিনী’
লাল কাপড়ে ‘এ প্রজন্মের মুক্তিবাহিনী গঠন’ লেখা। মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে গঠনপ্রক্রিয়ায় এগিয়ে আসার আহ্বান তাদের। ব্যানারে ‘জামায়াত-শিবিরের আস্ফাালন, রুখে দাঁড়াও জনগণ’ স্লোগানে গতকাল সোমবার লাঠিমিছিল করে মাঠে নেমেছে সিলেটের আলোচিত সামাজিক সংগঠন ‘ক্ষ্যাপা তারুণ্য’। সিলেটসহ সারা দেশে জঙ্গিদের গ্রেনেড-বোমা হামলার বিরুদ্ধে ২০০৫ সালে প্রথম প্রতিবাদ জানানোর প্রেক্ষাপটে ১১ জন তরুণ মিলিত হয়ে গঠন করেছিলেন ‘ক্ষ্যাপা তারুণ্য’। সংগঠনটি ওই সময় জঙ্গি হামলার প্রতিবাদে সোচ্চার হয়ে আলোচিত হয়।সংগঠন সূত্র জানায়, শাহবাগে তারুণ্যের প্রতিবাদ সারা দেশে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে ৭ ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চে একাত্মতা প্রকাশ করে ‘এ প্রজন্মের মুক্তিবাহিনী’ গঠনপ্রক্রিয়ার কথা ঘোষণা করে ক্ষ্যাপা তারুণ্য। ওই দিন থেকে চলে নাম সংগ্রহ। এক হাজার ১০০ জনের একটি তালিকা সম্পন্ন হলে গতকাল সোমবার তাঁদের নিয়ে জামায়াত-শিবিরের হরতালের বিরুদ্ধে প্রথম মাঠে প্রতিবাদ জানায় ক্ষ্যাপা তারুণ্য। বেলা দুইটার দিকে নগরের চৌহাট্টায় শহীদ মুনীর-তপন-জুয়েল চত্বরে সমবেত হয়ে মুক্তিযোদ্ধা সংসদকে তাঁদের প্রতিবাদে একাত্ম হওয়ার আহ্বান জানানো হয়। আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট বিভাগীয় কমান্ডের সাবেক আহ্বায়ক সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল তাঁদের সঙ্গে মিলিত হলে বেলা তিনটায় শুরু হয় লাঠিমিছিল।