
‘এক ড্রয়িংরুম-বিহারিণী গিয়েছেন বাজারে স্বামীর জন্মদিনের জন্য সওগাত কিনতে। দোকানদার এটা দেখায়, সেটা শোঁকায়, এটা নাড়ে, সেটা নাড়ে, কিন্তু গরবিনী ধনীর (উভয়ার্থে) কিছুই আর মনঃপূত হয় না। সবকিছুই তাঁর স্বামীর ভান্ডারে রয়েছে। শেষটায় দোকানদার নিরাশ হয়ে বললেন, তবে একখানা ভালো বই দিলে হয় না। গরবিনী নাসিকা কুঞ্চিত করে বললেন, সেও তো ওঁর একখানা রয়েছে।’
সৈয়দ মুজতবা আলীর ‘বই কেনা’ শীর্ষক প্রবন্ধের একটি অংশ এটি। অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানে স্পনসর আইএফআইসি ব্যাংকের প্যাভিলিয়নের পাশে একটি বেঞ্চিতে বসে একটি বই থেকে প্রবন্ধটি পড়ে শোনালেন লেখক স্থপতি শাকুর মজিদ। গতকাল রোববার মেলায় এসেছিলেন প্রবাসী এক বন্ধুকে নিয়ে। উদ্যানের চারপাশে ইঙ্গিত করে শাকুর মজিদ বললেন, ‘এই যে শুধু বই কিনতে এত এত মানুষ আসছে—এ দৃশ্য দেখে সৈয়দ মুজতবা আলী বেঁচে থাকলে হয়তো প্রবন্ধটা অন্যভাবে লিখতেন। খুশিই হতেন।’
আজ সোমবার শেষ হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা ২০১৬। আজ বেলা একটায় মেলার দ্বার খুলবে। বেচাকেনা চলবে রাত আটটা পর্যন্ত। সন্ধ্যা ছয়টায় বর্ধমান হাউসের পাশে মূলমঞ্চে অনুষ্ঠিত হবে মেলার সমাপনী অনুষ্ঠান। বই নিয়ে লেখক-প্রকাশক-ক্রেতা-দর্শকের এই উৎসবে পর্দা পড়বে আজ ফেব্রুয়ারির বাড়তি দিন ২৯ তারিখে। অধিবর্ষ হওয়ায় এবার একটি বাড়তি দিন পেলেন পাঠক, প্রকাশকেরা।
কিন্তু এ নিয়ে ভাবার অবকাশ কারও মেলেনি গতকাল। সাপ্তাহিক ছুটির দিনের মতো জমে উঠেছিল মেলা। প্রাঙ্গণজুড়ে ভিড়, স্টলের সামনে ভিড়, লিটল ম্যাগাজিন চত্বরে ভিড়। যে কয়টা স্টলের কথা বারবার লেখা হয়, তার বাইরে অসংখ্য স্টলের সামনে ক্রেতারা ভিড় করে বই কিনছে।
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক বললেন, সার্বিকভাবে বলতে গেলে বিগত কয়েক বছরের তুলনায় এবার বিক্রি এক-তৃতীয়াংশ বেড়েছে। সব দৃষ্টিতে বলা যায়, এবার সফল মেলা হয়েছে। সময় প্রকাশনের ফরিদ আহমেদও একই মন্তব্য করেন। তিনি বলেন, অনেক প্রতিষ্ঠান হয়তো একটু বেকায়দায় জায়গা পেয়েছে, যার কারণে বিক্রিতে একটু ঘাটতি হয়েছে। কিন্তু এবার বড় পরিসরে আয়োজিত মেলা সফল হয়েছে। তিনি জানালেন, তাঁর প্রতিষ্ঠানে নতুন বইয়ের তালিকায় মুহম্মদ জাফর ইকবালের স’তে সেন্টু, পুরোনো বইয়ের তালিকায় আনিসুল হকের মা বইটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে।
তাম্রলিপির প্রকাশক এ কে এম তারিকুল ইসলাম নিজের প্রতিষ্ঠানের বিক্রি প্রসঙ্গে বলেন, এবার বই বিক্রি হয়েছে যেকোনো বারের তুলনায় বেশি। মেলায় তুলনামূলকভাবে কবিতার বই কম বিক্রি হলেও গুলতেকিন খানের কবিতার আজো, কেউ হাঁটে অবিরাম বইটি যথেষ্ট বিক্রি হয়েছে।
বেশির ভাগ প্রতিষ্ঠানে সর্বাধিক বিক্রির তালিকায় নতুন বই থাকলেও অন্য প্রকাশের স্টলে ছিল ভিন্ন চিত্র। ২০১৩ সালে প্রকাশিত হুলমায়ূন আহমেদের দেয়াল বইটি এ বছরও বেস্টসেলার বলে জানান স্টলের বিক্রয়কর্মী তুষার খান। এ ছাড়া নতুন প্রকাশিত বইয়ের মধ্যে বেশি বিক্রি হচ্ছে হরিশংকর জলদাসের একলব্য, পূরবী বসুর বাংলার স্মরণীয় নারী, মোশতাক আহমেদের নিলির ভালোবাসা, একুয়া রেজিয়ার মনোসরণি বইগুলো। পাশেই থাকা ঐতিহ্য প্রকাশনীর বিক্রয় ব্যবস্থাপক আমজাদ হোসেন জানিয়েছেন, এবার ঐতিহ্য প্রকাশিত বইয়ের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে দেবব্রত মুখোপাধ্যায়ের মাশরাফি, মুহম্মদ জালাল উদ্দীন বিশ্বাস অনূদিত বাবরনামা।
অ্যাডর্ন পাবলিকেশনসের স্বত্বাধিকারী সৈয়দ জাকির হোসেইন বলেছেন, সিরিয়াস বইয়ের প্রতি পাঠকের আগ্রহ বেড়েছে। প্রবন্ধ ও গবেষণামূলক বইয়ের প্রতি ক্রেতাদের যে আগ্রহ এবার দেখা গেছে, তা অন্য যেকোনো সময়ের তুলনায় ব্যতিক্রমী, আশাব্যঞ্জক। বিক্রি? গতবারের চেয়ে বেটার। অনন্যা প্রকাশনীর স্বত্বাধিকারী মুনিরুল হক পাঁচ শব্দে বললেন, এ বছর বিক্রি খুবই ভালো। এই প্রতিষ্ঠানের স্টলে ছিলেন জনপ্রিয় লেখক ইমদাদুল হক মিলন। বলেন, এত বড় পরিসরে এত জমজমাট মেলা ভাবাই যায় না! এ লেখকের জিন্দাবাহার অনন্যার সর্বাধিক বিক্রীত বই। এ ছাড়া হানিফ সংকেতের বিশেষ সবিশেষ অবিশেষ বেশ বিক্রি হচ্ছে বলে জানালেন প্রকাশক।
আলোচনায় প্রথমা প্রকাশন: মেলা শেষ হয়ে যাচ্ছে। তাই পছন্দের বইটি কিনতে মেলায় এসে কেনাকাটার দিকেই মনোযোগী ছিলেন গ্রন্থানুরাগীরা। বিক্রিও বেড়েছে। গতকালও উপচে পড়া ভিড় ছিল প্রথমার স্টলের সামনে। কাল স্টলের সামনেও হলুদ টি-শার্ট গায়ে বিক্রয় প্রতিনিধি রাখা হয়েছিল ক্রেতাদের সাহায্য করতে। তাঁরা ক্রেতাদের হাতে বইয়ের তালিকা তুলে দিয়েছেন, পছন্দের বইগুলো নিজেরাই ভিড় ঠেলে স্টল থেকে কিনে এনে দিয়েছেন। তাঁরা জানালেন, গতকাল এবারের নতুন বইগুলো ভালো বিক্রি হয়েছে। পুরোনো বইয়ের মধ্যে একাত্তরের চিঠি, মহিউদ্দিন আহমদের জাসদের উত্থান পতন: অস্থির সময়ের রাজনীতি বইগুলো ভালো বিক্রি হয়েছে।
বাংলা একাডেমির তথ্যকেন্দ্রে গতকাল জমা পড়েছে ৯০টি নতুন বই। মেলায় সময় প্রকাশন এনেছে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের বেলা অবেলা সারাবেলা বইটির দ্বিতীয় খণ্ড, আফসার ব্রাদাস এনেছে হোসনে আরা জলির মুনীর চৌধুরীর নাটক, রাজনীতি ও সমাজ ব্যবস্থা, কথা প্রকাশ এনেছে জাফর আহমদ রাশেদের ছেলেদের মেয়েদের স্নানের শব্দ, অন্যপ্রকাশ এনেছে নওশাদ জামিলের ঢেউয়ের ভেতর দাবানল, তাম্রলিপি এনেছে রণজিৎ সরকারের ভাষা শহীদ ও বীরশ্রেষ্ঠদের গল্প।
এ ছাড়া গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় দেখা গেছে অন্যপ্রকাশ, তাম্রলিপি, পাঞ্জেরি, মাওলা ব্রাদাস, সময়, কথা প্রকাশ, চন্দ্রাবতী, সেবা প্রকাশনী, অনন্যা, আগামী, কাকলী, সিসিমপুরে প্রভৃতি প্রকাশনীর বিক্রয়কেন্দ্রে ভিড় দেখা গেছে। ক্রিকেট উত্তেজনাও ছিল মেলার শেষ সময়ে।