'এ বছরের মধ্যেই ফোর জি'
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, চলতি বছরের মধ্যে ফোর জি মোবাইল নেটওয়ার্ক চালু করা হবে।
আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তারানা হালিম বলেন, ইন্টারনেট সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যান্ড উইথের মূল্য সহজলভ্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রের নিরাপত্তার জন্য সরকার যেকোনো সময় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান, স্থানীয় সাংসদ খন্দকার আব্দুল বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মনিরা সুলতানা ও দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আহমেদ উপস্থিত ছিলেন ।