'এ বাপের বাঁচে থায়ে লাভ কী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেখতি দেখতি সাত দিন চলে গেল, কোনো কাজ পালাম না। কিন্তু পেট তো আর কথা শোনে না। আল্লা জানে, কবে এই অবস্থার থেকে মুক্তি পাব।’ গত সোমবার কথাগুলো বলছিলেন নগরের সাতরাস্তা মোড়ে কাজের আশায় আসা দিনমজুর খুলনার দাকোপের উপজেলার সুতারখালী এলাকার বাসিন্দা বেলাল হোসেন (৫০)।
হরতাল-অবরোধের কারণে গত সাত দিনে কোনো কাজ পাননি বেলাল। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। কাজ না পাওয়ায় বেলালসহ তাঁর পরিবারের চার সদস্য খেয়ে না-খেয়ে দিন পার করছেন বলে তিনি জানান। নিজের পরিবারের অবস্থা সম্পর্কেও একই কথা বললেন বেলালের পাশে বসে থাকা বটিয়াঘাটা উপজেলার জলমা এলাকার বাসিন্দা মো. হাফিজুর। তিনি বলেন, ‘দেশের এই রহম অবস্থার আগে প্রত্যেক দিন কাজ পাতাম। অনেকে দুই-তিন দিনের জন্যও আমাগো নিয়ে যাত। এখন কেউ আসে না, আমাগো কেনে না।’ একটু থেমে গলায় ঝোলানো গামছা দিয়ে চোখ মুছতে মুছতে তিনি আরও বলেন, ‘ছেলেডা ধরেছে শীতির জন্য একটা গরম কাপড় কিনে দিয়ার জন্যি, বাপ হয়ে তা দিতে পারতিছিনে। এ বাপের বাঁচে থায়ে লাভ কী। ইরা কবে এসব বন্ধ করবে।’
পাশে বসে বটিয়াঘাটার চকরাখালী এলাকার মনিরা খাতুন এসব কথাবার্তা শুনছিলেন। একপর্যায়ে তিনি মুখ খুললেন। ক্ষুব্ধ হয়ে বলে উঠলেন, ‘এই দেশের কোনো সরকার আমাগের মানুষ মনে করে না। কিডা রাজা হবে, তাই নিয়ে দুইজনের কামড়াকামড়িতি আমরা শেষ হয়ে যাচ্ছি। সংসার চলে ধারদিনা করে। এভাবে বাঁচে থাহা যায় না।’
মোড়ে বসে খুব মনোযোগ দিয়ে কোদালের মাটি পরিষ্কার করছিলেন প্রায় ১১০ কিলোমিটার দূর থেকে আসা কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের বাসিন্দা আকবর হাওলাদার। তাঁর মুখে কোনো কথা নেই।
কাজ পেয়েছেন কি না, জানতে চাইলে একবার এই প্রতিবেদকের দিকে তাকিয়ে আবার কাজে মন দেন তিনি। দ্বিতীয়বার কাজের কথা জানতে চাইলে তিনি বলেন, ‘কাজ কহনে পাব। আজ এক মাসের বেশি এহেনে পড়ে আছি, এটটা টাকা বাড়ি পাঠাতি পালাম না। নগত যা ছিল, তাও শেষ। বউ খালি বাড়ি থেকে ফোন করে কয়, টাকা দেও। মাঝে মাঝে রাতে মনে হয়, গলায় দড়ি দিয়ে মইরে যাই। এ জীবন আর ভালো লাগে না।’