‘এ মামলায় সাক্ষ্য দেওয়ায় চাকরিচ্যুত করা হয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র মামলায় সাক্ষ্য দেওয়ার কারণে চাকরিচ্যুত হয়েছেন চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) সহকারী নিরাপত্তা কর্মকর্তা মবিন হোসেন খান। তিনি গতকাল সোমবার আদালতে জেরার মুখে এ কথা জানিয়েছেন। মবিন হোসেনকে গতকাল দুজন আসামির আইনজীবীরা জেরা করেন। জেরা শেষে চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান আজ মঙ্গলবার পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেছেন। গতকাল সাক্ষী মবিন হোসেনকে প্রথম জেরা করেন সিইউএফএলের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মহসীন উদ্দিন তালুকদারের আইনজীবী ফজলুল করিম ভুঁইয়া। এক প্রশ্নের জবাবে মবিন হোসেন বলেন, ‘এই মামলায় সাক্ষ্য দেওয়ার কারণে ২০০৭ সালের ২১ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমাকে চাকরিচ্যুত করা হয়। ২০০৬ সালে জোট সরকারের আমলেই এই প্রক্রিয়া শুরু হয়। সার্জেন্ট হেলাল ও সার্জেন্ট আলাউদ্দিনকে যেভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়, সেভাবে আমাকেও অন্য ঘটনায় জড়িয়ে চাকরিচ্যুত করা হয়।’ আরেক আসামি সিইউএফএলের তৎকালীন মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হকের আইনজীবী মাহমুদুর রহমানের জেরার জবাবে মবিন হোসেন বলেন, ২০০৭ সালে তৎকালীন শিল্পসচিব নুরুল আমিনের নির্দেশে তাঁকে চাকরিচ্যুত করা হয়। চাকরির বিষয়ে তিনি মামলা করেছেন, তা এখনো চলছে। এর আগে গত ২৭ নভেম্বর আদালতে মবিন হোসেন খান বলেছিলেন, ‘১০ ট্রাক অস্ত্র আনার বিষয়টি সিইউএফএল এমডি মহসীন উদ্দিন তালুকদার ও মহাব্যবস্থাপক কে এম এনামুল হক আগে থেকেই জানতেন। অস্ত্র নামানোর ঘটনা তদারক করতে সেই রাতে সিইউএফএলের বিশ্রামাগারে অবস্থান করছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত শিল্পসচিব নুরুল আমীন।’২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএলের জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। এ ঘটনায় করা দুটি মামলায় ২০০৬ সালের ২৭ ও ২৮ জুন আদালতে সাক্ষ্য দেন মবিন হোসেন খান। এরপর তিনি ২০০৯ সালের ১২ মার্চ তৎকালীন মহানগর হাকিম ওসমান গণির কাছে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন। গতকাল জেরায় প্রশ্নের জবাবে মবিন হোসেন বলেন, ‘হাকিম ওসমান গণির কাছে দেওয়া জবানবন্দি আমি পড়ে দেখিনি। আমাকে পড়ে শোনানো হয়নি। সই করতে বলেছিল, সই করেছি।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই মামলায় আগেও সাক্ষী দিয়েছিলাম। কিন্তু বক্তব্যের ভুল ব্যাখ্যা করে আমাকে বৈরী ঘোষণা করা হয়েছিল।’ জেরার সময় সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ গ্রেপ্তার থাকা ১১ আসামিকে আদালতে হাজির করা হয়।