‘এ রকম ষড়যন্ত্র বিচ্ছিন্নতার দিকে ঠেলে দেওয়ার শামিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠী নয়, বাঙালিরাই আদিবাসী—গতকাল শুক্রবার বান্দরবানে বেনামি একটি ব্রুশিয়রে এ দাবি করা হয়েছে। পত্রিকার হকারদের মাধ্যমে ব্রুশিয়রটি বিতরণ করা হয়। সম-অধিকার আন্দোলনের জেলা সভাপতি হাফেজুর রহমান (হাফেজ মাস্টার) এটি তাঁরা বের করেছেন দাবি করলেও তিনি ছাড়া সংগঠনের অন্য কোনো নেতা-কর্মী ব্রুশিয়র সম্পর্কে জানেন না বলে জানিয়েছেন। জনসংহতি সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং মারমাসহ আদিবাসী নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তাঁদের কাছে সংবাদ রয়েছে, বিশেষ দপ্তর ও সংস্থা থেকে কয়েক দিন ধরে জেলা ও উপজেলা শহরে আদিবাসীবিরোধী পোস্টার ও ব্রশিয়র বিতরণ করা হচ্ছে। এ রকম ষড়যন্ত্র আদিবাসীদের বিচ্ছিন্নতার দিকে ঠেলে দেওয়ার শামিল। সকালে পত্রিকার ভেতরে ঢুকিয়ে ‘বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে আদিবাসী হিসেবে চিহ্নিত করার চক্রান্ত রুখে দিন’ শিরোনামের ব্রুশিয়রটি বিতরণ করা হয়েছে। বই বিতানের পরিচালক অসীম রায় বলেছেন, প্রাথমিক স্কুলের শিক্ষক হাফেজ মাস্টার ২০০ কপি ব্রুশিয়র পত্রিকার সঙ্গে বিতরণের জন্য হকারদের কাছে দিয়ে যান। কিন্তু টাকা দেবেন বললেও না দেওয়ায় ১০০ কপি বিতরণের পর হকাররা বিতরণ বন্ধ করে দেন। সম-অধিকার আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাস্টার বলেছেন, আদিবাসী দিবস উপলক্ষে বিতরণের জন্য তাঁরা ব্রুশিয়রটি বের করেছেন। পোস্টার সম্পর্কে তিনি জানেন না। ব্রুশিয়রের সঙ্গে কোনো সরকারি দপ্তর ও সংস্থা জড়িত নয় দাবি করে হাফেজ মাস্টার বলেন, এক-এগারোর (তত্ত্বাবধায়ক সরকার) পর থেকে তাঁরা আর কোনো দপ্তর ও সংস্থার সঙ্গে যোগাযোগও করেন না। তবে সম-অধিকার আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী ও উপদেষ্টা অধ্যাপক ওসমান গনি বলেছেন, তাঁদের ব্রুশিয়র ও পোস্টার সম্পর্কে কোনো কিছু জানা নেই। হাফেজ মাস্টার শুধু শুধু তাঁদের জড়াচ্ছেন বলে তাঁরা বলেন। আদিবাসী ফোরামের জেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব অংচমং মারমা বলেছেন, ‘নিজেদের পরিচয় গোপন করে যারা নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে এ ধরনের পোস্টার, লিফলেট ও ব্রুশিয়র বিতরণ করে তারা শুধু ষড়যন্ত্রকারীই নয়, তাদের দেশবিরোধীও বলা যায়।