‘এ রহম হরতাল অইলে কেমনে বাঁচুম’
‘আইজ সকালে বাজার করবার ট্যাকা চাইছিল বউ, দিবার পারি নাই। হরতালে বেচাকিনা না হওয়ায় আয়-রোজগার নাই, সংসার চালানো কষ্ট হইয়া পড়চে। এ রহম হরতাল অইলে বউ-পোলাপান নিয়ে কেমনে বাঁচুম।’এভাবেই কষ্টের কথাগুলো বলছিলেন ফুটপাতে জামা-কাপড় বিক্রেতা আবদুল জলিল (৪৫)। ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার নবীন সিনেমা হলের সামনে ফুটপাতে বসে কয়েক বছর ধরে তিনি পুরোনো ও নতুন জামা-কাপড় বিক্রি করে আসছেন।শুধু জলিলই নন, হরতালের কারণে তাঁর মতো আরও বেশ কয়েকজন জানালেন সমস্যার কথা। জামায়াতে ইসলামী দুই ও বিএনপির এক দিন মিলে টানা তিন দিনের হরতালের কারণে মানিকগঞ্জের ব্যবসায়ী থেকে শুরু করে সব শ্রেণী-পেশার মানুষ পড়েছেন বিপাকে। দিনমজুর ও খেটে খাওয়া মানুষের কষ্টটা আরও বেশি।সবচেয়ে ব্যস্ততম ও জনবহুল এলাকা মানিকগঞ্জ বাসস্ট্যান্ড। এর আশপাশে রয়েছে বড় বড় বিপণিবিতান, ফলমূল, খাবারের হোটেল, তৈরি পোশাকের দোকান, বিভিন্ন ব্যাংক-বিমা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয়। হরতালে জামায়াত-শিবিরের তাণ্ডবের আশঙ্কায় অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।সেখানে গতকাল সোমবার বেলা ১১টার দিকে কথা হয় আবদুল জলিলের সঙ্গে। এক মেয়ে, এক ছেলে ও স্ত্রীকে নিয়ে তিনি থাকেন সদর উপজেলার জয়রা এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে। ক্ষোভের সঙ্গে বললেন, ‘হুনছি একজনরে বাঁচানোর জন্য হরতাল ডাকছে। আর এহন যে আমরা ১০ জনে মরচি!’বাসস্ট্যান্ড এলাকায় চটপটি বিক্রেতা মাসুদ রানা বললেন, ‘চটপটি বিক্রির টাকা দিয়াই পাঁচজনের সংসার চলে। হরতালের কারণে মানুষজন আসতে পারে না, তাই বিক্রিও নেই।’কথা হয় মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবুল ইসলাম সিকদারের সঙ্গে। তিনি বলেন, ‘যেই ঘটনায় জামায়াত-শিবির হরতাল ডেকেছে তা অযৌক্তিক। মানবতাবিরোধী অপরাধের মামলার রায় নিয়ে তাদের আপত্তি থাকলে তারা আদালতে আপিল করতে পারে।’বাসস্ট্যান্ড পৌর কাঁচাবাজার মার্কেটের মুদি দোকানি আইয়ুব আলী বলেন, ‘রাজনৈতিক দলগুলো হরতাল দেয় মানুষের অধিকারের কথা বলে। কিন্তু হরতাল হলে তো আমাদের বেচাবিক্রি হয় না। গরিব মানুষেরই বেশি ক্ষতি হয়। তাহলে আবার কার জন্য হরতাল?’