একাত্তরে মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়কে ‘আরেকটি বিজয়’ আখ্যায়িত করেছে গণজাগরণ মঞ্চ। গতকাল বৃহস্পতিবার রায় ঘোষণার পর মঞ্চের কর্মী-সমর্থকেরা বিজয় মিছিল করেছেন।
গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা কাদের মোল্লার মামলার রায় দেওয়ার পর শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরু হয়েছিল।
বেলা দুইটার দিকে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায়ের খবর গণজাগরণ মঞ্চে এসে পৌঁছালে উল্লাসে মেতে ওঠেন আন্দোলনকারীরা। কেউ কেউ উচ্ছ্বাসে অন্যকে জড়িয়ে ধরেন এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। একে অন্যকে মিষ্টিমুখও করান। কিছুক্ষণ পর শাহবাগ থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি টিএসসি, দোয়েল চত্বর ও শহীদ মিনার এলাকা ঘুরে শাহবাগে ফিরে আসে।
অন্য সব মানবতাবিরোধী অপরাধীর ফাঁসির রায় ঘোষণা ও কার্যকর না হওয়া পর্যন্ত গণজাগরণ মঞ্চের আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
রায়ের পর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘৪২ বছর ধরে রায়ের জন্য অপেক্ষা করেছি। আমরা আনন্দিত, উল্লসিত।’ তিনি এ রায়কে জনগণের পক্ষের রায় আখ্যা দেন। ইমরান সাংবাদিকদের বলেন, ‘এখন থেকে যখনই মানবতাবিরোধীদের রায়ের জন্য ট্রাইব্যুনাল বসবে তার আগের দিন গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে আমরা শাহবাগের প্রজন্ম চত্বরে এসে মিলিত হব।’
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায়কে কেন্দ্র করে গত বুধবার বিকেল থেকে শাহবাগের ‘প্রজন্ম চত্বরে’ অবস্থান নেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। অবস্থান কর্মসূচিতে আগের মতোই স্লোগান, গণসংগীত ও আবৃত্তির মাধ্যমে একাত্তরের মানবতাবিরোধীদের শাস্তির দাবি তোলা হয়। গতকাল সকাল থেকে সেখানে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও সমর্থকদের ভিড় দেখা যায়।