'এ রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় হয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে ফাঁসির আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত ৫ ফেব্রুয়ারি তাঁকে একই মামলায় হাইকোর্ট যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিলে এতে অনেকেই হতাশ হয়েছিলেন। তবে আজকের রায়ে তাঁরা সন্তুষ্ট। এ নিয়ে প্রথম আলো ডটকমকে দেওয়া দেশের বিশিষ্টজনদের প্রতিক্রিয়া... 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের উপাচার্য আনোয়ার হোসেন বলেন, এ রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার বিজয় হয়েছে। একাত্তর সালে মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, তার বিজয় হয়েছে। তিনি আরও বলেন, এ বিজয়ের পথ বেয়ে দেশ সামনের দিকে এগিয়ে যাবে।

কাদের মোল্লার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অন্যতম সাক্ষী শহীদুল হক মামা বলেন, ‘কিছুটা দেরিতে হলেও এই রায় আমাদের সন্তুষ্ট করেছে।’ এ রায়ের মাধ্যমে একাত্তরের যুদ্ধাপরাধীদের সাজা কার্যকর করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, আজকে জাতির এই ক্রান্তিলগ্নে কাদের মোল্লার ফাঁসির রায় জাতিকে ঐক্যবদ্ধ করবে।

কাদের মোল্লার বিরুদ্ধে মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী বলেন, ‘সারা জাতির সঙ্গে রায় নিয়ে আমিও সন্তুষ্টি প্রকাশ করছি। রাষ্ট্রপক্ষ যে আপিল করেছে, তার প্রতিফলন ঘটেছে এই রায়ের মধ্য দিয়ে।’