‘এ লজ্জা শুধু আ.লীগের নয়, সুনামগঞ্জবাসীরও’
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাংসদ ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের গাড়িচালক আজম খানের বক্তব্য নিয়ে সুরঞ্জিতের নির্বাচনী এলাকার জনগণের মধ্যে এখন আলোচনা-সমালোচনার ঝড় বইছে।দিরাই বাজারের ব্যবসায়ী এস আর সুমন ও মতিউর রহমান বলেন, ‘সুরঞ্জিত সেন মন্ত্রী হওয়ায় আমরা খুশি হয়েছিলাম। আশা ছিল এলাকার উন্নয়ন হবে। কিন্তু দুর্নীতির কারণে তিন মাসের মধ্যে তিনি মন্ত্রিত্ব হারান।’ পৌর এলাকার সুজানগর গ্রামের বাসিন্দা লাল মিয়া বলেন, ‘ঘটনা সত্য। নিজেকে রক্ষা করতে আমাদের এমপি এখন সাজানো নাটক করছেন।’আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘কথাচ্ছলে সুরঞ্জিত সেনগুপ্ত নিজেই বলেছেন, “আমি তো রে ভাই মন্ত্রীর ভাগ্য নিয়ে জন্মি নাই।” এর পরও তিনি মন্ত্রী হয়েছিলেন। অচল রেলের মন্ত্রী হয়ে রেলের কালো বিড়াল ধরার ঘোষণা দিয়ে নিজেই কালো বিড়াল হয়ে মন্ত্রিত্ব হারালেন। এখন ড্রাইভার আজমের বক্তব্য আমাদের হতাশ করেছে।’ দিরাই পৌর বিএনপির সভাপতি আবদুর রশিদ বলেন, ‘গাড়িচালক আজমের বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্তের দীর্ঘদিনের দুর্নীতির প্রমাণ জনগণ পেয়েছে।’ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ‘এ লজ্জা শুধু আওয়ামী লীগের নয়, সুনামগঞ্জবাসীরও।’দিরাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির রঞ্জন দাস বলেন, ‘বর্ষীয়ান এই নেতার চরিত্র হনন করতে গাড়িচালক আজমকে দিয়ে নাটক সাজানো হচ্ছে। এর পেছনে দলীয় কোন্দলও থাকতে পারে।’ শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রান্টু লাল দাস বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্তকে হেয়প্রতিপন্ন করতে আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। এতে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে।’ দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস বলেন, ‘ঘটনা যদি সত্য হয়, তা হলে লজ্জার। কিন্তু এত দিন কেন বিষয়টি লুকিয়ে রাখা হলো? এর মধ্যে কোনো রহস্য থাকতে পারে।’ এ ব্যাপারে মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে বারবার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি। তবে বিভিন্ন সভা-সেমিনারে তিনি নিজেকে ‘নিষ্পাপ’ বলে দাবি করে আসছেন।