'এ লেভেল' পরীক্ষা দিলেন অটিস্টিক তরুণ সিয়াম
শারীরিকভাবে ২১ বছর বয়সী তরুণ। তবে মানসিক বুদ্ধির মাত্রা ১৫ বছর বয়সের কাছাকাছি। প্রায় কথাতেই হাসছেন। সিয়ামুল করিম একজন অটিস্টিক (হাই ফাংশনিং) ব্যক্তি। গত বৃহস্পতিবার তিনি ব্রিটিশ কাউন্সিলের অধীনে এ লেভেল পরীক্ষা দিয়েছেন।
সিয়ামুল করিমের মা সাজিদা রহমান বললেন, ‘মনে হচ্ছে ও পাহাড় জয় করল। হাসিমুখেই পরীক্ষাটা শেষ করেছে। ছোটবেলায় কথা বলতে পারত না। মাত্র আড়াই সেকেন্ড মনোযোগ ধরে রাখতে পারত। রাতে ঘুমাত না। আচরণগত এমন কোনো সমস্যা নেই, যা তার ছিল না।’
তবু সিয়াম নিজেকে প্রস্তুত করে তুলেছেন প্রতিযোগিতামূলক পৃথিবীর জন্য।
সাজিদা রহমান এবং অটিজম নিয়ে কর্মরত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা দাবি করেছেন, দেশে এখন পর্যন্ত সিয়ামই প্রথম অটিস্টিক ব্যক্তি, যিনি এ লেভেল পরীক্ষা দিলেন। সাজিদা বললেন, ‘ব্রিটিশ কাউন্সিল পরীক্ষার সময়সীমার চেয়ে আধা ঘণ্টা বেশি সময় দিয়েছে ছেলেকে। করেছে অন্যান্য সহযোগিতাও।’
সিয়ামের জন্য মা সাজিদাকেও অনেক লড়াই করতে হয়েছে। তিনি বলেন, অটিস্টিক সন্তান নিয়ে সিয়ামের বাবার হতাশা আর অসহযোগিতার কারণে সাত বছরের ছেলেকে নিয়ে বেরিয়ে আসেন তিনি। নিজের পরিবারের কাছ থেকেও সহানুভূতি পাননি। কিন্তু হাল ছাড়েননি সাজিদা রহমান। তাঁর ভাষায়, সিয়াম হলো মাটির পুতুল। সমাজে চলার জন্য যা যা প্রয়োজন, তাতে ছেলেকে অভ্যস্ত করাচ্ছেন তিনি।
গত বৃহস্পতিবার মহাখালীতে অটিজমসহ অন্যান্য স্নায়বিক সমস্যাজনিত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কথা হয় মা ও ছেলের সঙ্গে। এ প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সাজিদা রহমান। তিনি বলেন, ‘আজকে পরীক্ষার সময় সারাক্ষণ চিন্তায় ছিলাম। ও (কল্পনায়) সিনেমার জগতে চলে গেলে তো লেখা বন্ধ করে বসে থাকবে। পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে, অথবা প্রশ্ন একটু অন্যভাবে দিলে তার চেহারা কেমন হতে পারে, পরীক্ষার আগে থেকেই লিখে লিখে দেখানো হয়েছে, যাতে সে বুঝতে পারে।’
বেশ উৎসাহ নিয়েই কথা বললেন সিয়াম। তাঁর কল্পনার জগতের একটা বড় অংশজুড়ে আছে সিনেমা। রাস্তায় কেউ খারাপ ব্যবহার করলে, অটোরিকশাচালক ভাড়া বেশি চাইলে ‘সিনেমার নায়কের মতো’ আচরণ করতে ইচ্ছা করে তাঁর। বললেন, ‘অ্যাকশন হিরো’ হতে চান তিনি। একটু পরেই ইচ্ছা পাল্টে জানালেন, মোটরগাড়ির ‘রেসার’ হবেন। আবার নিজে নিজেই বললেন, অর্ধেক ‘হিরো’ আর অর্ধেক ‘রেসার’ হবেন। পারলে নিজের শরীরটাকেই কোনো বিশেষ প্রযুক্তি দিয়ে পাল্টে ফেলতে চান। একটু পরে নিজেই বলেন, ‘আমার ব্রেইনটা তো ভালোভাবে কাজ করে না।’
ছোটবেলা থেকে অনেক স্কুল পাল্টাতে হয়েছে সিয়ামকে। কিছু শিক্ষক ও ‘বাজে ছেলেরা’ যেসব কথা বলত, তা সিয়ামের পছন্দের ছিল না। স্কুলভীতিটা এখনো মনে রয়ে গেছে। তাই পড়াশোনা ততটা ভালো লাগে না। ঘরের অনেক কাজ করতে পারেন বলে জানিয়ে সিয়াম বললেন, ‘মাংসের টুকরা সামনে থাকলে স্যান্ডউইচও বানাতে পারি।’ জানালেন, বাসে অনেক লোকের ভিড়ে যাতায়াত করতে সমস্যা হয়। ট্রাফিক জ্যামও ভালো লাগে না।
সিয়াম বেশ গর্ব নিয়েই বললেন, তিনি টাকাপয়সার হিসাব রাখতে পারেন। দরজির কাজ শিখেছেন। বলতে বলতেই চলে গেলেন সিনেমার জগতে। বলতে থাকেন, ‘ওই যে এনিমি (শত্রু) এসেছে, অ্যাকশন শুরু করতে হবে। লাইসেন্স করা বন্দুক দিয়ে মারব।’
কথা বলার একপর্যায়ে সিয়াম জানালেন, তাঁর হাতে আর সময় নেই। ‘মিশন’-এ যেতে হবে। মা হেসে জানালেন, শিক্ষকের কাছে পড়তে যাওয়ার সময় হয়ে গেছে। মা না থাকলেও ছেলে নিজে পেশাজীবন বেছে নিয়ে টিকে থাকতে পারবে—এ প্রত্যাশায় মায়ের মুখে তখন তৃপ্তির হাসি।