'এ শুধু গানের দিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী প্রয়াত মান্না দের জন্মদিন ছিল ১ মে। এদিন গানে গানে শিল্পীকে স্মরণ করল একাডেমি অব পারফর্মিং আর্টস চট্টগ্রাম। সে সঙ্গে সংগঠনটি উদ্যাপন করল ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী। নগরের জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যা সাতটায় শুরু হয়ে অনুষ্ঠান চলে রাত ১০টা পর্যন্ত।
‘এ শুধু গানের দিন’ শিরোনামের এ আয়োজনে একক সংগীত পরিবেশন করেন শিল্পী শাহরিয়ার খালেদ। মুনির হেলালের সঞ্চালনায় আয়োজনের সূচনা হয় একাডেমি অব পারফর্মিং আর্টস চট্টগ্রামের সভাপতি রোশাঙ্গীর বাচ্চুর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে। এরপর শুরু হয় গান।
শুরুতেই শাহরিয়ার খালেদ পরিবেশন করেন ‘আমি যামিনী তুমি শশী হে’। শিল্পী একে একে পরিবেশন করেন ‘হূদয়ের গান শিখে তো গাইব সবাই’, ‘ক ফোটা চোখের জল’, ‘ও চাঁদ সামলে রেখ জোছনাকে’, ‘আমি যে জলসাঘরে’, ‘ও কেন এত সুন্দরী হলো’, ‘এরই নাম প্রেম’, ‘এ জীবনে যত ব্যথা পেয়েছি’, ‘কি দেখলে তুমি আমাকে’, ‘এ নদী এমন নদী’, ‘এই তো সেদিন তুমি’, ‘পৌষের কাছাকাছি’সহ ২৬টি গান। সবশেষে ‘আবার হবে তো দেখা’ গান পরিবেশনার মাধ্যমে শেষ হয় সংগীতানুষ্ঠানের।