‘এ সরকারের আমলেই যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন হবে’
প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনীতিবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ বলেছেন, ‘বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই যুদ্ধাপরাধের বিচার হবে, এতে কোনো সন্দেহ নেই।’ স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে গতকাল রোববার দুপুরে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অধ্যাপক মুনতাসীর মামুন ও মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হাবিবুল্লাহ খান। অন্যান্যের মধ্যে সাংসদ সুলতানা বুলবুল বক্তব্য দেন।সমাবেশে জেলার ৫৭ জন মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার ভিত্তিক ড. মোহাম্মদ সেলিম সম্পাদিত এবং নাজমা রহিম ফাউন্ডেশন থেকে প্রকাশিত দিনাজপুরে মুক্তিযুদ্ধ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সমাবেশে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক আবদুল লতিফ, শিক্ষক মো. বেশার উদ্দিন আহমেদ, সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মির্জা আনোয়ারুল ইসলাম, বণিক সমিতির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম এবং শিক্ষাবিদ পুলিন বিহারী চক্রবর্তীকে স্বাধীনতা সম্মাননা ২০১১ প্রদান করা হয়।