‘এ হাসপাতাল কোনো সুমায় খোলে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বর ও কাশিতে আক্রান্ত দেড় বছর বয়সের ছেলে মনিরকে নিয়ে রাজিয়া বেগম (৩৫) মঙ্গলবার সকালে গ্রামের হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে গিয়েছিলেন। ওষুধ পাননি। বাড়ি থেকে ১০০ গজ দূরে অবস্থিত শালনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্র থাকতে হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘এ হাসপাতাল কোনো সুমায় খোলে না।’নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের পারশালনগর গ্রামের এই বাসিন্দার প্রতিবেশী রেবেকা বেগম (৩৯) বলেন, ‘আমাগের অসুখ হলি লোহাগড়া যাতি হয়।’লোহাগড়া উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার উত্তরে অবস্থিত শালনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্রে গত মঙ্গলবার সকাল ১০টা থেকে তিন ঘণ্টা অবস্থান করে কোনো কর্মীকে পাওয়া যায়নি। দ্বিতল ভবনের ভেতরে নিচতলায় ছয়টি কক্ষ। একটি তালাবদ্ধ। অন্য পাঁচটি ছিটকিনি দিয়ে আটকানো। এর মধ্যে দুটি ভাঙা আসবাবপত্রে ঠাসা। অন্য তিনটি ফাঁকা। দোতলায় চারটি কক্ষে পরিবার নিয়ে বসবান করেন পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী দেলোয়ারা খাতুন।লোহাগড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শালনগর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে এমবিবিএস চিকিৎসক লিটন কুমার মণ্ডল ও চিকিৎসা সহকারী সেলিম রেজা কর্মরত আছেন। এ ছাড়া পরিবার পরিকল্পনা বিভাগে চিকিৎসা কর্মকর্তা, উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা, পরিবারকল্যাণ পরিদর্শক, ফার্মাসিস্ট ও দুজন এমএলএসএসের পদ রয়েছে। এর সবই শূন্য।শালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাবু মিয়া বলেন, ‘কেন্দ্রটি কখনো খোলা পাওয়া যায় না।’স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক লিটন কুমার মণ্ডল বলেন, ‘এক বছর তিন মাস আগে আমি এখানে যোগ দিয়েছি। প্রথমে বসতাম। এখন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বসি। ওখানে স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণাধীন কোনো অবকাঠামো নেই। তাই ওখানে বসার বাধ্যবাধকতাও নেই।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, কেন্দ্রটি স্বাস্থ্য বিভাগের নয়, পরিবার পরিকল্পনা বিভাগের। তাই স্বাস্থ্য বিভাগের অবকাঠামো না থাকায় চিকিৎসক ও চিকিৎসা সহকারী লোহাগড়া হাসপাতালে বসেন, ওই কেন্দ্রেও বসেন।লোহাগড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাবিহা কবীর বলেন, বসতে সমস্যা হলে তাঁদের জানাতে পারতেন। স্বাস্থ্য বিভাগের চিকিৎসক বসার জন্য ওই কেন্দ্রে পর্যাপ্ত কক্ষ রয়েছে। তিনি জানান, ওই কেন্দ্রের পরিবার পরিকল্পনা বিভাগের সব পদ শূন্য। তাই লাহুড়িয়া ইউনিয়ন পরিবারকল্যাণ পরিদর্শক শীলা রানীকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দুই দিন শালনগরে বসতে বলা হয়েছে।নড়াইলের সিভিল সার্জন মো. আবদুস সামাদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যেহেতু স্বাস্থ্য বিভাগের নিজস্ব অবকাঠামো নেই, তাই ওখানে বসার ব্যাপারে কাউকে বাধ্য করা যায় না। এ উপজেলার এ ধরনের আটটি স্বাস্থ্যকেন্দ্রের তালিকা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে।