'এই অফিসে টাকা ছাড়া ফাইল নড়ে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় গতকাল দুপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে সেবা গ্রহীতাদের অভিযোগ শোনেন ভূমি প্রতিমন্ত্রী মো. সাইফুজ্জামান চৌধুরী  l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় গতকাল দুপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে সেবা গ্রহীতাদের অভিযোগ শোনেন ভূমি প্রতিমন্ত্রী মো. সাইফুজ্জামান চৌধুরী l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম জেলা ভূমি অধিগ্রহণ কার্যালয়ে গতকাল রোববার দুপুরে আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। সেখানে কয়েকজন সেবাগ্রহীতা তাঁর কাছে কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন। প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে কয়েকটি অভিযোগ যাচাইয়ের সিদ্ধান্ত নেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় কার্যালয়ের তিন কর্মচারীকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন তিনি।
ভূমি প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে মনছুর আলী নামের এক সেবাগ্রহীতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই অফিসে টাকা ছাড়া ফাইল নড়ে না। আমি এক বছর ধরে ঘুরছি আমার জমি অধিগ্রহণের টাকার জন্য।’
ওমর উল্লাহ নামের আরেক সেবাগ্রহীতা প্রতিমন্ত্রীকে বলেন, ‘ঘুষ ছাড়া এখানে ফাইল নড়ে না।’ এরপর একে একে আরও আট-নয়জন মন্ত্রীর কাছে সেবা পেতে তাঁদের ভোগান্তি ও বিড়ম্বনার কথা তুলে ধরেন। ভূমি অধিগ্রহণ কার্যালয়ের কর্মচারী আহমদ করিম, নজরুল ইসলাম, মো. হানিফ এবং সার্ভেয়ার সৈকত চাকমা ও মো. মোবারক হোসেনের বিরুদ্ধে বেশির ভাগ সেবাগ্রহীতা অনিয়ম-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেন। তাঁদের প্রধান অভিযোগ ছিল, ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ যে টাকা পান, সেই টাকা ছাড় করাতে কমিশন নেওয়া হয়।
পরে কার্যালয়ের তিন শিকলবাহক (চেইনম্যান) আহমদ করিম, নজরুল ইসলাম ও মো. হানিফকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। মৌখিকভাবে সতর্ক করেন সার্ভেয়ার সৈকত চাকমা ও মো. মোবারক হোসেনকে। এ ছাড়া রফিক আহমদ নামের এক দালালকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির নির্দেশ দেন। ভ্রাম্যমাণ আদালত রফিককে এক হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন।
পরিদর্শনের সময় চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল জলিল ও ভূমি হুকুমদখল কর্মকর্তা মো. নোমান হোসেন প্রতিমন্ত্রীকে বলেন, এই কার্যালয়ে ভূমি হুকুমদখল কর্মকর্তার পদ রয়েছে চারটি। এর মধ্যে তিনটিই খালি। এসব পদে শিগগিরই কর্মকর্তা নিয়োগের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি আহমদ করিমকে কয়েক দিন আগে বদলি করার নির্দেশ দিয়েছিলাম। সেটা এখনো কার্যকর হয়নি। এখন করিমসহ তিনজনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছি।’ তিনি বলেন, চট্টগ্রামে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ফলে ভূমি অধিগ্রহণ কার্যালয়ের কাজও বেড়ে গেছে। এখানে দালালের উৎপাত আছে। দালালমুক্ত করার পাশাপাশি গণশুনানি করে মানুষের অভিযোগ শোনা হবে।
দুর্নীতির বিরুদ্ধে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘দুর্নীতি রোধে আমরা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। যদি কেউ ঘুষ চায়, তা উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করুন। তাঁরা না পারলে আমার কাছে আসুন।’