‘এই গতিতে চললে তো ১০০ বছর লাগবে’
পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রামের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আইনকানুনের মধ্যে অসামঞ্জস্য ও সমন্বয়হীনতা দীর্ঘদিনের। এই অসামঞ্জস্য ও সমন্বয়হীনতা দূর করে আইন সুষমকরণ ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর কাজ শুরু করা হলেও তার গতি খুব ধীর। এই প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অধিবেশনে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান বলেছেন, সরকার যে গতিতে পার্বত্য চট্টগ্রামের আইনকানুন সুষমকরণের কাজ সম্পন্ন করতে চায়, তার চেয়ে অনেক পিছিয়ে আছে এই প্রক্রিয়া। এই গতিতে চললে তো আইন সুষমকরণ করতে ১০০ বছর লাগবে। গতকাল মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে ‘পার্বত্য জেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের আইন সুষমকরণ’ শীর্ষক ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। গত বছরের ১৯ সেপ্টেম্বর রাঙামাটিতে বিষয়টি নিয়ে প্রথম কর্মশালা হয়। তার ১০ মাস পরে ওই কর্মশালার সুপারিশমালা নিয়ে গতকালের কর্মশালার আয়োজন করা হলো। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। তিনি বলেন, আইনকানুন সুষমকরণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়সাধন প্রভৃতি পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়াকে এগিয়ে নেবে। তবে এই কাজ যে বিলম্বিত হয়েছে সে ব্যাপারে একমত পোষণ করে প্রতিমন্ত্রী বলেন, সুপারিশগুলো আরও যাচাই-বাছাই করে বাস্তবায়নের জন্য অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।এর আগে বিশেষ অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার সচিবও বলেছেন, সুপারিশমালার মধ্যে কোন কাজটি এক বছরের মধ্যে করা যাবে, কোনটি দুই বছর এবং কোনটি করতে পাঁচ বছর সময় লাগবে, তা নির্ধারণ করে সুপারিশগুলো বাস্তবায়নে অগ্রসর হতে হবে।স্থানীয় সরকার সচিব বলেন, পার্বত্য জেলা পরিষদগুলো কিন্তু চলছে না। নির্বাচিত জেলা পরিষদ ছাড়া কিন্তু কাঙ্ক্ষিত কাজ হবে না। কিন্তু নির্বাচন না হওয়া পর্যন্ত সমন্বয় কমিটি করে কাজ করতে আইনে কোনো বাধা নেই।উদ্বোধনী অধিবেশনে কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ এস এম শাহেন রেজা। উদ্বোধনী অধিবেশনের পর কর্ম-অধিবেশনে মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রামের স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকারের কর্মকর্তা ও অন্য অংশগ্রহণকারীরা বিভিন্ন দলে ভাগ হয়ে আইন সুষমকরণের বিষয়ে আগের সুপারিশগুলো যাচাই-বাছাই, নতুন সুপারিশ প্রণয়ন ও সেগুলো বাস্তবায়নের অগ্রাধিকার নির্ধারণ করেন। এই প্রক্রিয়ায় স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ অংশ নেন।আগের বারের মতো এবারের সুপারিশগুলোও তিন পার্বত্য জেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো হবে মতামতের জন্য। তারপর সেগুলো বাস্তবায়নের পর্যায়ে যেতে পারে।