‘এই জারত নিন ধরে না কম্বল পায়া ভাল হইছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই জারত (শীতে) নিন ধরে না, সবারেঠে (সবার কাছে) গেইছি একখান কম্বলের তানে (জন্য), কাহ (কেউ) দে নাই, তুমুরা দিলেন, আল্লাহ তুমার ভাল করিবে। কম্বল পায়া ভাল হইছে।’ নতুন কম্বল পেয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মণ্ডলপাড়া গ্রামের বৃদ্ধা ফয়জন এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও বন্ধুসভার সদস্যদের সহযোগিতায় গতকাল শনিবার পঞ্চগড়ের আটোয়ারী, মাদারীপুর ও ফরিদপুর সদর উপজেলা এবং গত শুক্রবার রাতে শরীয়তপুর সদর উপজেলায় শীতার্ত দুস্থ ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:পঞ্চগড়: আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের আলতাবুর রহমান চালকল চত্বরে মণ্ডলপাড়া, পশ্চিমপাড়া, ভুজারীপাড়া, মাস্টারপাড়া, দলুয়াপাড়া, কুড়ুলিয়া, বলরামপুর গ্রামের এক শ দুস্থ নারী-পুরুষকে কম্বল দেওয়া হয়। কম্বল বিতরণের সময় রফিকুল ইসলাম, বন্ধুসভার মুন্না, দীপু, হাসু ও প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।মাদারীপুর: সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডের পাশের খোলা মাঠে পলিথিন দিয়ে খুপরি ঘর তৈরি করে বাস করছে ১৩টি ছিন্নমূল পরিবার। গতকাল সকালে স্থানীয় বন্ধুসভার সদস্যরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছিদ্দিকুর রহমানকে সঙ্গে নিয়ে সেখানে কম্বল বিতরণ করেন। মস্তফাপুরসহ চরমুগরিয়া ও বাহাদুরপুর এলাকায় দুস্থ ব্যক্তিদের মধ্যে গতকাল ১২০টি কম্বল বিতরণ করা হয়।ইউএনও ছিদ্দিকুর রহমান বলেন, ‘বিভিন্ন ভালো কাজে সমাজের অন্যরাও প্রথম আলোর মতো এগিয়ে আসুক। কম্বল বিতরণ অনুষ্ঠানে মস্তফাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নওয়াব জান, বন্ধুসভার ইখতিয়ার হোসেন, কুমার লাভলু, ইমরান সাগর, আঞ্জুমান আরা, শাহিন হাওলাদার, সায়মন ও প্রথম আলোর মাদারীপুর প্রতিনিধি জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।ফরিদপুর: ফরিদপুর প্রেসক্লাব চত্বরে সকাল ১১টায় শীতার্ত দুস্থ ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শহরের ঝিলটুলি, নিলটুলি, আলীপুর, গোয়ালচামট, টেপাখোরা, খাবাসপুর, লক্ষ্মীপুর, অম্বিকাপুর এলাকার ১২৫টি দুস্থ পরিবারের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রথম আলো ফরিদপুর বন্ধুসভার সবুজ, রোখসানা, শ্যামল, সাহিদ, শরিফ, সুদীপ্ত, মিনহাজ, ফরিদা বেগম ও নূরুজ্জামান উপস্থিত ছিলেন।শরীয়তপুর: সদর উপজেলার পালং, বাঘিয়া, ধানুকা, চিকন্দী, মধ্যপাড়া, নীলকান্দি ও আংগারিয়া গ্রামের ৫০টি দুস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার রাতে পালং হরিসভা প্রাঙ্গণে শরীয়তপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ফারুক হোসেন শীতার্ত ব্যক্তিদের হাতে কম্বল তুলে দেন। এ সময় শরীয়তপুরের সিভিল সার্জন চিত্তরঞ্জন প্রামাণিক, প্যানেল মেয়র সঞ্জীব নাগ, সালাম বেপারী, বিমল কৃষ্ণ অধিকারী, মুকুল চন্দ্র রায়, মানিক ব্যানার্জী, শংকর প্রসাদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।