'এই ত্রাসের রাজত্ব থেকে জাতি মুক্তি চায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল শুক্রবার এক প্রতিবাদ সমাবেশে বক্তারা প্রতিটি গুম-খুন ও কথিত ক্রসফায়ারের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের বিচার দাবি করেছেন। তাঁরা বলেন, দেশে র‌্যাব-পুলিশসহ বিভিন্ন সংস্থা সাদাপোশাকে যেভাবে নাগরিকদের তুলে নিয়ে যাচ্ছে, এভাবে গত কয়েক বছরে অসংখ্য মানুষ অপহূত হয়ে নিখোঁজ রয়েছেন। কোনো ঘটনায়ই কোনো তদন্ত হয়নি, কাউকে শাস্তি দেওয়া হয়নি। এ ত্রাসের রাজত্ব থেকে জাতি মুক্তি চায়।
‘ক্রসফায়ার-গুম-খুন-অপহরণ আর বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে’ শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘লেখক-শিক্ষক-ছাত্র-শিল্পী-সংস্কৃতিকর্মী-পেশাজীবী-রাজনৈতিক কর্মীবৃন্দের’ ব্যানারে এ সমাবেশ হয়।
বক্তারা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো দিনের পর দিন মানুষকে বেআইনিভাবে আটকে রেখে নির্যাতন করে, টাকা আদায় করে কিংবা তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করতে বাধ্য করে। ক্রসফায়ার ও গুম-খুনের মতো চরম ঘটনাগুলোতে আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর জড়িত থাকা থেকে বোঝা যায়, বাংলাদেশের মানুষ কতটা অরাজক পরিস্থিতিতে বাস করছে।
আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক আকমল হোসেন, আইনবিদ সুব্রত চৌধুরী প্রমুখ।