'এই দেশে এইট পাস করলে কি প্রধানমন্ত্রী হতে বাধা আছে?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের প্রশ্ন ছিল, পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের আওয়ামী লীগের মনোনয়ন পেতে ন্যূনতম শিক্ষাগত বা বিশেষ কোনো যোগ্যতা লাগবে কি না। জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করলেন, ‘এই দেশে এইট পাস করলে কি প্রধানমন্ত্রী হতে বাধা আছে? আছে কি? যদি না থাকে তাহলে তাঁদের (সম্ভাব্য মেয়র প্রার্থী) ক্ষেত্রে সমস্যা কোথায়?’
গতকাল শনিবার সিলেট সার্কিট হাউসে উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের এ কথা বলেন। পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের জন্য বিশেষ কোনো যোগ্যতা নির্ধারণের আপাতত কোনো ভাবনাচিন্তা নেই বলে তিনি জানান। তবে একজন প্রার্থীকে অবশ্যই নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সব যোগ্যতা পূরণ করতে হবে বলেও তিনি জানান। সেখানে তিনি সড়ক যোগাযোগের উন্নয়নসহ নানা বিষয়ে বক্তব্য দেন।
সভায় সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, পুলিশ কমিশনার কামরুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রী ১০ দিনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের খানাখন্দ দূর করার জন্য উদ্যোগ নিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) কর্মকর্তাদের নির্দেশ দেন।
সিলেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক পুনর্নির্মাণে প্রায় ৪০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ওই সড়কে কাজ শুরু হবে।