'এই দেশের মানুষ সহজেই আপন করে নেয়'

বাংলাদেশ কী?—এককথায় বলতে বলায় চিন্তায় পড়লেন মিগুয়েল। প্রায় ৩০ সেকেন্ড চুপ করে থেকে বললেন, ‘বাংলাদেশ হলো অফুরন্ত আতিথেয়তার একটি দেশ।’ তারপর নিজেই ব্যাখ্যা করলেন, ‘এই দেশের মানুষ সহজেই আপন করে নেয়। কেউই আমাদের চেনে না, অথচ কী আপন করে বাড়িতে ডেকে নেয়, এটা-ওটা খেতে দেয়।’
মিগুয়েল মাসিয়েস। ২৭ জনের বিদেশি পর্যটক দলের দলনেতা। তাঁরা এসেছেন স্পেন থেকে। গতকাল সোমবার সকালে বাংলাদেশে পৌঁছেই ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা, ঢাকেশ্বরী মন্দির, শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংসদ ভবন এলাকা ঘুরেছেন। ১১ দিনের বাংলাদেশ সফরে ঘুরবেন সোনারগাঁ, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্য।
এই পর্যটক দলের সঙ্গে গতকাল কথা হয় রাজধানীর একটি হোটেলে। মিগুয়েল ছাড়া ইংরেজি জানেন না কেউ। তবে কথা বলেছেন সবাই। নিজের ভাষায় বলেছেন, এই এক দিনে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে কীভাবে দেখেছেন। আর তা ভাঙা ভাঙা ইংরেজিতে বুঝিয়ে দিচ্ছিলেন মিগুয়েল।
সম্প্রতি বাংলাদেশে দুজন বিদেশি নাগরিক হত্যার ঘটনা সম্পর্কে জানেন সবাই। তবু এসেছেন বাংলাদেশে। আসার কারণ সম্পর্কে মিগুয়েল বললেন, ‘আমি মনে করি ১৬ কোটি মানুষের দেশে দুজন বিদেশি নাগরিক নিহত হতে পারে। স্পেনের মাদ্রিদেও একটি ট্রেনে জঙ্গি হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে। তবু প্রতিবছর লাখো পর্যটক স্পেন যাচ্ছে।’
তবে এও জানালেন, ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন ইউরোপীয় দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ সফর সম্পর্কে সতর্ক করায় কিছুটা উদ্বিগ্ন ছিলেন তাঁরা। কিন্তু ঢাকায় যেখানেই যাচ্ছেন, সেখানেই তাঁদের সঙ্গে পুলিশি প্রহরা থাকায় ভয় কেটেছে।
বাংলাদেশি একটি পর্যটন প্রতিষ্ঠানের ‘ডিসকাভার বাংলাদেশ’ স্লোগানের অধীনে এসেছেন তাঁরা। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা এম এ ওয়াহিদ বলেন, গত ডিসেম্বরেই এই দলটি বাংলাদেশে আসবে বলে নিশ্চিত করেছিল। দুই বিদেশি হত্যার পর কিছুটা উদ্বিগ্ন হয়েছিলেন পর্যটকেরা। তবে এখন যেখানেই পর্যটকেরা যাচ্ছেন, সেখানেই পুলিশ সঙ্গে যাচ্ছে।
গতকাল দুপুরে লালবাগ কেল্লায় এই পর্যটক দলের সঙ্গে থাকা লালবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফিজুর রহমান বলেন, পুলিশের নিয়ন্ত্রণকক্ষ থেকে এই পর্যটক দলের সঙ্গে থাকতে বলা হয়েছে। তিনি বলেন, সম্প্রতি দুজন বিদেশি নাগরিক হত্যার পর এই কড়াকড়ি।
মিগুয়েলের মাধ্যমে সবার কাছে জানতে চাইলাম, এই এক দিনে বাংলাদেশ সম্পর্কে কী ধারণা হয়েছে? তাঁদের বক্তব্য এমন, ‘সব মানুষেরই হাসিমাখা মুখ’, ‘আমরা যে দেশে থাকি সেখানে কেউ কাউকে চেনে না, কিন্তু এখানে মনে হয় সবাই সবাইকে চেনে। সবাই আপন’, ‘অনেক ভিড়, অনেক আওয়াজ কিন্তু সেই ভিড় আর আওয়াজটাও যেন একটি নির্দিষ্ট নিয়ম মেনেই হচ্ছে’।
মিগুয়েলের এটা বাংলাদেশে দ্বিতীয় সফর। বাকি সবারই প্রথম। তবে এর আগে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভুটানে ভ্রমণ করেছেন সবাই। মিগুয়েলই বাকিদের বলে-কয়ে এবার বাংলাদেশে নিয়ে এসেছেন। জানতে চাইলাম, কী বলেছেন তাঁদের? ১৫০ বারের বেশি ভারত ভ্রমণ করা মিগুয়েল বললেন, ‘আমি তাঁদের বলেছি, “এটি এমন একটি দেশ, যেখানে কোনো তাজমহল নেই, যেখানে রাজস্থান নেই। কিন্তু দেশটির রাস্তায় রাস্তায় জীবনের জয়গান আছে, অফুরন্ত প্রাকৃতিক দৃশ্য আছে, জীবন আছে, গঙ্গা-যমুনা আছে, ম্যানগ্রোভ আছে। এটি একটি দেশ, যেটিকে বলা হয় “ল্যান্ড অব রিভার”, বলা হয় “ল্যান্ড অব লাইফ”।’