'এই নির্বাচন সরকারের জন্য অগ্নিপরীক্ষা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে গতকাল বৃহস্পতিবার প্রচারণা চালিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। এ ছাড়া গতকাল রাঙামাটি ও চট্টগ্রামের পটিয়ায় দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

নোয়াখালী: বসুরহাটে গতকাল বিএনপির মেয়র পদপ্রার্থী কামাল উদ্দিন চৌধুরীর পক্ষে প্রচারণা চালানোর সময় মওদুদ আহমদ বলেন, নির্বাচন যদি শান্তিপূর্ণ হয়, তা হলে সারা দেশে বিএনপির মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন।

বিএনপির এই নেতা বলেন, ‘শত প্রতিকূল অবস্থার মধ্যেও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের অংশ হিসেবে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করার সিন্ধান্ত নিয়েছি। এই নির্বাচন নির্বাচন কমিশনের জন্য নয়, সরকারের জন্য একটি অগ্নিপরিক্ষা। এই নির্বাচনের ওপর নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ।’

মওদুদ আহমদ বলেন, ‘সরকার সিভিল প্রশাসন আর পুলিশ প্রশাসনের মাধ্যমেই নির্বাচন পরিচালনা করছে। সুতরাং এর দায়দায়িত্ব পুরোপুরি সরকারকে গ্রহণ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘এই এলাকা থেকে একজন সুযোগ্য মন্ত্রী সরকারে আছেন। নির্বাচন যদি সুষ্ঠু ও অবাধ হয়, তা হলে তাঁর সুনাম বাড়বে। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা তাঁর দায়িত্ব।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, মেয়র পদপ্রার্থী কামাল উদ্দিন চৌধুরী।

পটিয়া (চট্টগ্রাম): ‘নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, সরকারের মাথা ততই খারাপ হয়ে যাচ্ছে। সরকার সারা দেশে প্রশাসনকে ব্যবহার করে দলীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে ২০-দলীয় জোটের প্রার্থী ও সমর্থকদের হুমকি দিচ্ছে। জোটের নেতা-কর্মীদের এলাকা ত্যাগে বাধ্য করছে।’

গতকাল পটিয়ায় দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগের সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো. নাছিরউদ্দিন এ কথা বলেন। তিনি পটিয়ার হাসপাতাল গেট থেকে আদালত সড়ক, ক্লাব সড়ক, স্টেশন সড়ক, ডাকবাংলো ও পটিয়া-কক্সবাজার মহাসড়ক এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগের সময় মীর নাছিরের সঙ্গে বিএনপির মেয়র পদপ্রার্থী তৌহিদুল আলম ছাড়াও পটিয়ায় বিএনপির বিবদমান তিনটি পক্ষের নেতারা ছিলেন।

মীর নাছিরউদ্দিন বলেন, ‘নির্বাচন কমিশনে হাজার হাজার অভিযোগ জমা পড়েছে। অথচ কমিশন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। জনগণের ভীতি, শঙ্কা ও আতঙ্ক দূর করতে নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ।’

রাঙামাটি: পৌরসভা নির্বাচনে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় মনিটরিং সেলের প্রধান ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী বলেছেন, ‘ধানের শীষ প্রতীকে ভোট দিতে ভোটাররা উন্মুখ হয়ে আছেন।’

গতকাল রাঙামাটি পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী মো. সাইফুল ইসলাম চৌধুরীর নির্বাচনী প্রচারণাকালে রিজার্ভ বাজার এলাকায় তিনি এ কথা বলেন। এ সময় চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রুহুল আলম চৌধুরী বলেন, তিনি বান্দরবানে নির্বাচনের পরিবেশ ভালো দেখেছেন। রাঙামাটিতেও এ পর্যন্ত ভালো দেখা যাচ্ছে। তবে যেসব কথাবার্তা শোনা যাচ্ছে, তাতে মনে হচ্ছে না শেষ পর্যন্ত পরিবেশ ভালো থাকবে।

দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপি দুই পক্ষে বিভক্ত ছিল। গতকাল রুহুল আলম চৌধুরীর সঙ্গে দুই পক্ষের নেতা-কর্মীদের দেখা গেছে।

জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক দীপন তালুকদার এবং তাঁদের প্রতিপক্ষ কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান ও তাঁদের অনুসারী নেতা-কর্মীরা গতকাল একসঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।