সংস্কৃতিচর্চার মাধ্যমেই সমাজ থেকে, রাষ্ট্র থেকে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ দূর করতে হবে। আশার কথা, এ দেশের মানুষ জঙ্গিবাদ প্রত্যাখ্যান করেছে। এই বাংলাদেশ হলো ফারাজের বাংলাদেশ, যে ফারাজ বন্ধুদের ছেড়ে যায়নি, বন্ধুদের জন্য তিনি জীবন দিয়েছেন। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে প্রমা আবৃত্তি সংগঠনের রজতজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজনে এসব কথা বলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
সংস্কৃতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের দল এখন ক্ষমতায়। কিন্তু সাম্প্রদায়িক শক্তি এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ধর্মান্ধতার আবির্ভাব ঘটেছে। তিনি বলেন, ‘আমাদের সমাজের মধ্যেই বসবাস করে কেন জঙ্গিবাদের আবির্ভাব ঘটেছে, এটা কি আমরা খতিয়ে দেখব না? হলি আর্টিজানের ঘটনার পর সবাই একে প্রতিরোধের জন্য একটাই কথা বলেছেন, সেটি হচ্ছে সাংস্কৃতিক আন্দোলনকে গভীর করা, ছড়িয়ে দেওয়া।’
অনুষ্ঠানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বলেন, বাংলার কবিতা অসাধারণ। এর ইতিহাস অনেক পুরোনো। যে সময় কাগজের জন্ম হয়নি, তখন মানুষ কবিতা মুখস্থ রাখত। মানুষের মুখে মুখে কবিতার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ইতিহাসকে ধরে রেখেছে। কবিতা মানুষকে জাগাতে পারে।
অনুষ্ঠানে দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, কবিতাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে সাহায্য করেন আবৃত্তিশিল্পীরা। সমাজের ইতিবাচক পরিবর্তনে কবিতার ভূমিকা রয়েছে।
প্রমার সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন শহীদজায়া বেগম মুশতারী শফি, ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মাহবুবুল হক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আশরাফুল আলম, ভারতীয় টেলিভিশন চ্যানেল তারা বাংলার সচিব দীপংকর নাগ, কার্যকরী সদস্য সঞ্জয় মান্না, ভুবনেশ্বরী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মনীষা পাল চৌধুরী, কবি-সাংবাদিক ওমর কায়সার, কবি মানজুর মোহাম্মদ, এবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ওসমান গণি চৌধুরী, চ্যানেল আইয়ের চট্টগ্রামের ব্যুরো চিফ চৌধুরী ফরিদ প্রমুখ।