'এই বাংলাদেশ ফারাজের বাংলাদেশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবান্ন উৎসবে বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি: পল্লব চক্রবর্তী
নবান্ন উৎসবে বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি: পল্লব চক্রবর্তী

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ফারাজ অদম্য মেধাবী ও দেশপ্রেমিক তরুণ। যে বন্ধুর জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। যে সুযোগ পেয়েও বন্ধুদের ফেলে একা চলে আসেনি। এই বাংলাদেশ ফারাজের বাংলাদেশ। এ রকম একটি বাংলাদেশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন।

আজ রোববার নেত্রকোনার দুর্গাপুরে গারো সম্প্রদায়ের নবান্ন উৎসব ‘ওয়ানগালা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর এ কথা বলেন। পৌর শহরের উতরাইল বাজার এলাকায় গারো ব্যাপটিস্ট কনভেনশন মাঠে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি এই উৎসবের আয়োজন করেছে।

মন্ত্রী বলেন, ‘লাখো প্রাণের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। এই রক্তে পাওয়া বাংলাদেশে সব ধর্মের মানুষেরই রক্ত আছে। এখানে আজ যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা আছেন, তাঁরাও জয় বাংলা বলে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। জয় বাংলা একটি অসাম্প্রদায়িক স্লোগান। কিন্তু এখন একটি গোষ্ঠী বর্ণে বর্ণে, ধর্মে ধর্মে হানাহানি সৃষ্টি করছে। এই গোষ্ঠীটি সুপরিকল্পিতভাবে আমাদের স্বাধীনতার মহান নেতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। এই গোষ্ঠীটিই ’৭৫-এর পর বিভিন্ন সময় ক্ষমতায় এসে আমাদের সংবিধানকে তছনছ করেছে। পবিত্র ধর্মকে ব্যবহার করে ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্মের নামে মানুষ হত্যা করছে।’

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁর সেই বীভৎস ঘটনা স্মরণ করে মন্ত্রী বলেন, ‘ওই দিন রমজান মাসে যে পাঁচটি ছেলে ২০ জন মানুষকে হত্যা করেছে, তা তারা ঠান্ডা মাথায় করেছে। এদের কাছ থেকে নারীরাও পর্যন্ত মুক্তি পায়নি। মৃতদেহ সামনে রেখে তারা আনন্দে ভূরিভোজ পর্যন্ত করেছে। কতটা দানব হলে, অমানুষ হলে এ কাজ করে! কিন্তু এরা তো আমাদের কারও না কারও পরিবারে বেড়ে উঠছে। বাংলার মানুষ এই দানবদের প্রত্যাখ্যান করেছে। আবার আমরা এ-ও দেখেছি, কোনো কোনো পরিবার এ রকম দানবদের মৃত্যুর পর ঘৃণায় সন্তানের লাশ নিতে চাননি।’

নেত্রকোনার জেলা প্রশাসক ও একাডেমির সভাপতি মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সাংসদ ছবি বিশ্বাস, ময়মনসিংহ-১ আসনের সাংসদ জুয়েল আরেং, সংস্কৃতিমন্ত্রীর স্ত্রী শাহিন আক্তার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রেমন্ড আরেং, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক খান প্রমুখ।