'এই বাজেট কৃষকের, শ্রমিকের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের মিছিল। ছবি: ফোকাস বাংলা।
প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের মিছিল। ছবি: ফোকাস বাংলা।

দশম সংসদের প্রথম বাজেটকে কৃষকের ও শ্রমিকদের বাজেট দাবি করে মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী এবং সমর্থিত সংগঠনগুলো। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মিছিল করে দলগুলো।

সন্ধ্যা পৌনে ছয়টায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদের নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলটি বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে দলটির নেতা-কর্মীরা ‘আজকের বাজেট সফল হোক, সফল হোক’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার বার বার দরকার’ ও ‘এই বাজেট কৃষকের, এই বাজেট শ্রমিকের’ বলে স্লোগান দেন। মিছিলে ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ, ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা বিভাগ শ্রমিক লীগ, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ ও মুক্তিযোদ্ধা জনতা লীগ আনন্দ মিছিল করে।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগও বাজেটকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করা হয়।

সমাবেশে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে অভিনন্দন জানান। তিনি বলেন, এই বাজেট বাস্তবায়নের মধ্যে দিয়ে শেখ হাসিনার ভিশন-২০২১ ও ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন অনেক দূর এগিয়ে যাবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে এবং এই বাজেট প্রদান সেটাকে আরও বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর শরীফের পরিচালনায় সমাবেশে ছাত্রলীগের সহ-সভাপতি জয়দেব নন্দী, রিয়াজ উদ্দিন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।