'এই বাতি ভোটের বাতি'

যশোরের কেশবপুর পৌরসভার সড়কগুলোতে লাগানো হয়েছে নতুন বাতি। সড়ক আলো ঝলমলেও হলেও অনেক ভোটার মনে করেন, পৌরসভা নির্বাচন সামনে রেখে ভোটারদের সমর্থন পেতে এই বাতি লাগানো হয়েছে।
তবে পৌর মেয়রের দাবি, বাতি লাগানোর সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই।
সরেজমিনে গত মঙ্গলবার দেখা গেছে, কেশবপুর শহরের মণ্ডলপাড়ায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে একটি বাতি জ্বলছে। ১৯৯৮ সালে পৌরসভার হওয়ার পর এই পাড়ার বাসিন্দারা তেমন কোনো সুবিধা পাননি। এখানকার বিনা মণ্ডল ও গোলক মণ্ডল থাকেন ছাপরাঘরে। তাঁরা বলেন, নির্বাচনের আগে বাতি জ্বালানোকে তাঁরা ভালোভাবে দেখছেন না। তবে এই পাড়ার অন্য বাসিন্দারা এতে খুশি।
‘এতকাল আলো দেখিনি। আজ দেখতিছি আলো জ্বলতেছে। কেন জ্বলতেছে, বুঝতি পারলাম না।’ বলেন মণ্ডলপাড়ার গৌরী মণ্ডল।
কালাবাসা মোড়ের দোকানদার স্বপন সাহা বলেন, ‘এই বাতি ভোটের বাতি। এত দিন আমরা অন্ধকারে ছিলাম।’ পৌর নির্বাচন সামনে রেখে এ রকম অনেক বাতি লাগানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের ক্যাম্পাসে একটি খুঁটিতে নষ্ট হওয়া বাতি খুলে নতুন বাতি লাগাতে যান পৌরসভার একজন কর্মচারী। তাঁর হিসাবমতে, দুই সপ্তাহে ৩০-৩৫টি বাতি লাগানো হয়েছে।
কেশবপুর আঞ্চলিক পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমান বলেন, গত ১০-১৫ দিনে তাঁদের কার্যালয়ের সাহায্যে ৪০টির মতো নতুন সড়কবাতি লাগানো হয়েছে।
পৌরসভার বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র আবদুস সামাদ বিশ্বাস বলেন, পুরোনো বাতি পাল্টানো বা নতুন বাতি লাগানো নিয়মিত কাজের অংশ।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। নষ্ট বাতি খুলে নতুন বাতি লাগানো নিয়মিত কাজের অংশ হতে
পারে। তবে নতুন বাতি লাগানোর ব্যাপারে কী হবে, তা আইনে স্পষ্ট নয়।’