'এই বিরিজ তামাশা ছাড়া কিছুই না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেড়ার পাঁচুরিয়া গ্রামে সংযোগ সড়ক ছাড়াই নির্মাণ করা হয়েছে সেতুটি। ফলে এটি কোনো কাজে আসছে না। গত রোববারের ছবি l প্রথম আলো
বেড়ার পাঁচুরিয়া গ্রামে সংযোগ সড়ক ছাড়াই নির্মাণ করা হয়েছে সেতুটি। ফলে এটি কোনো কাজে আসছে না। গত রোববারের ছবি l প্রথম আলো

দুই পাশে পানি। খালের মধ্যে সেতু। কোনো পাশেই সংযোগ সড়ক নেই। এভাবে সেতুটি নির্মাণ করা হয়েছে পাবনার বেড়া উপজেলার পাঁচুরিয়া গ্রামে। এ কারণে সেটি এলাকাবাসীর কোনো কাজে আসছে না।

স্থানীয় চাকলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, ‘সংযোগ সড়ক না থাকায় সেতুটা মানুষের কোনো উপকারে লাগছে না। সংযোগ সড়কের জন্য আমি অনেক জায়গায় আবেদন-নিবেদন করেও সাড়া পাচ্ছি না।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৫-১৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে পাঁচুরিয়া গ্রামের প্রধান খালের মধ্যে সেতুটি নির্মিত হয়। খালটির দৈর্ঘ্য ৮০০ ফুট ও প্রস্থ ২০০ ফুট। ৩২ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে পিআইওর কার্যালয়ের তত্ত্বাবধানে এটি নির্মাণ করা হয়। ২০১৬ সালের মে মাসে সেতুটির নির্মাণকাজ শেষ করা হয়। কিন্তু এটির দুই পাশে কোনো সংযোগ সড়ক তৈরি করা হয়নি।

এলাকার কয়েকজন বলেন, যে খালের মধ্যে সেতুটি নির্মিত হয়েছে, তার এক পারে পাঁচুরিয়া পশ্চিমপাড়া। অন্য পারে পাঁচুরিয়া পূর্বপাড়া। এ পারে পাঁচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। এক পাড়া থেকে অন্য পাড়ায় আসার জন্য বিদ্যালয়টির শিক্ষার্থীসহ লোকজনকে খাল ঘুরতে হয়। এতে তাঁদের পাঁচ শ মিটারেরও বেশি রাস্তা অতিরিক্ত ঘুরতে হয়। এ কারণে সময় বেশি লাগে এবং দুর্ভোগ পোহাতে হয়। অথচ সেতুটির সংযোগ সড়ক তৈরি করা হলে অতিরিক্ত রাস্তা না ঘুরে সোজা খাল পার হওয়া সম্ভব।

এলাকাবাসীর অভিযোগ, সংযোগ সড়কের ব্যবস্থা না রেখেই সেতু নির্মাণের নকশা ও আর্থিক বরাদ্দ করা হয়। সেতু নির্মিত হওয়ার দেড় বছরেরও বেশি সময় পার হলেও সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেই। অথচ সংযোগ সড়কের জন্য টাকা বরাদ্দ রেখে সেতু নির্মাণ করা হলে সেটি কাজে লাগত।

গত রোববার সরেজমিনে দেখা যায়, চাকলা-কৈতলা সড়কের পাশে খালের মধ্যে সেতু। এটির দুই দিকেই পানি থাকায় সেতুতে ওঠার কোনো উপায় নেই।

এ সময় পাঁচুরিয়া পশ্চিমপাড়ার নূর ইসলাম বলেন, ‘এই বিরিজ (সেতু) গ্রামের মানুষের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই না। পানির মধ্যে খামাখাই বিরিজ বানায়া ফালায়া থুইছে।’

পূর্বপাড়া গ্রামের মনজুর রহমান বলেন, ‘স্কুলের বাচ্চারা ম্যালা রাস্তা ঘুইর‍্যা স্কুলে যায়। গ্রামের লোকজনকে এর-ওর বাড়ি হয়া যাতায়াত করা লাগে। অথচ বিরিজের সঙ্গে রাস্তা হলি কত মানুষের উপকার হতো।’

বেড়ার পিআইও শামীম এহসান বলেন, ‘সেতুর দুই পাশে সংযোগ সড়ক তৈরির জন্য প্রায় পাঁচ লাখ টাকার প্রয়োজন। এ টাকা বরাদ্দ পাওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি।’