'এই বুঝি পেঁয়াজ ছিনিয়ে নিল!'

‘পেঁয়াজ কিনে নিয়ে বাড়ি ফেরার সময় প্রচণ্ড আতঙ্কে থাকতে হয়! এই বুঝি ছিনতাইকারী আক্রমণ করে পেঁয়াজ ছিনিয়ে নিল।’
পেঁয়াজের দাম বাড়ায় এমন মন্তব্য আহমেদ সুমন ও তৌফিক ইমামের। পাঁচ টাকায় একটি পেঁয়াজ কিনতে কেমন লাগছে—সেটা জানতে চেয়ে পাঠককে প্রশ্ন করা হয় প্রথম আলোর ফেসবুক পেজে। সেখানেই এই মজার মন্তব্য করেছেন তাঁরা। অল্প সময়েই ব্যাপক সাড়া মিলেছে প্রথম আলোর পেজে। পাঠকদের কেউ কেউ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দামের এত কারণ খুঁজেছেন। কেউ আবার দাম কমানোর উপায় বাতলে দিয়েছেন। তবে বেশির ভাগ পাঠকই হতাশা প্রকাশ করেছেন। আর এই হতাশা ব্যক্ত করেছেন মজার ছলে।
এসএম বাহারুল হেমাম লিখেছেন, ‘পেঁয়াজ কাটার পর যে রকম চোখে পানি আসে, ঠিক তেমনি পেঁয়াজ কেনার আগেও পানি পড়ছে।’
পোস্টটি শেয়ার হয়েছে ২০০ এরও বেশি। প্রতিক্রিয়া জানিয়েছে ১১ হাজার পাঠক। আর মন্তব্য করেছে এক হাজারেরও বেশি পাঠক।
জুয়েল পারভেজ, তালুকদার সীমান্তসহ কয়েকজন পাঠক পেঁয়াজের চড়া দামে না খাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। রাইহান আহমদ লিখেছেন, ‘আজ থেকে তরকারিতে পেঁয়াজ খাওয়া বন্ধ। মাসে তিন হাজার টাকার পেঁয়াজ খাওয়ার মতো বড়লোক এখনো হইনি।’
অদ্রিকা অনুপমার মতে, ‘পেঁয়াজ খাওয়া স্বাস্থ্যকর নয়। খাওয়ার পরই গ্যাস্ট্রিক হয়ে যায়।’ নিজেকে সান্ত্বনা দিয়ে তিনি বলেছেন, ‘পেঁয়াজের দাম বেড়ে ভালোই হয়েছে।’
এবার পড়ি পাঠকের কিছু কিছু মজাদার মন্তব্য:
মোহাম্মদ আলিম কারও বাসায় বেড়াতে যাওয়ার সময় রসগোল্লা না নিয়ে পেঁয়াজ নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কারণ পেঁয়াজ এখন নিঃসন্দেহে বিলাসী পণ্যের তালিকায়।
মোহাম্মদ তোফাজ্জল হোসেইনের মতে, ‘বাংলাদেশে তো বর্তমানে পাঁচ টাকায় কোনো কিছু পাওয়া যায় না। সে হিসেবে পাঁচ টাকায় একটি পেঁয়াজ খুব একটা মন্দ নয়।’
নূর ইসলাম লিখেছেন, ‘সোনার বাংলা নাম কিসের জন্য হয়েছে, এবার বোঝা গেল। এ দেশের মাটিতে যা জন্মায়, সব সোনার দামে বিক্রি হয়। তাই এই নাম।’
সালাউদ্দিন মোল্লা অতীতের বিনিময় প্রথার যুগে ফিরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে লিখেছেন, ‘সেদিনের অপেক্ষায় আছি, যেদিন পেঁয়াজ দিয়ে ডিম পাব!’
আসিফ আলম লিখেছেন, ‘এখন বিয়ে করলে বউকে সোনার গয়না না দিয়ে পেঁয়াজের গয়না দিলেও রাগ করবে না।’
ফিরোজ আহমেদ, শাহীন আলম, তারেক আজিজ, রায়হান ভূঁইয়ারা ব্যঙ্গ করে পেঁয়াজের মূল্যবৃদ্ধিকে উন্নয়নের অন্যতম নিদর্শন হিসেবে দেখাতে চেয়েছেন।
তানভীর আহমেদ মন্তব্যের ঘরে তাদের বাসায় সংগ্রহে থাকা পেঁয়াজ চার টাকা দরে বিক্রয় করার জন্য ক্রেতা খুঁজেছেন। জাকিয়া জাফরিন পেঁয়াজের মূল্যবৃদ্ধিকে মানুষের ধৈর্য সীমার উন্নয়ন বলে আখ্যা দিয়েছেন।
মো. লতিফ, কামরুল হাসান অবশ্য বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসেবে আমদানি নির্ভরতা, আবাদি জমির পরিমাণ কমে যাওয়া, প্রাকৃতিক দুর্যোগের কথা বলেছেন। পাশাপাশি সরকারকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মমিনুল ইসলাম, ওমর ফারুক, আজিজুল হক মল্লিক, মনজুরুল বাশার, নীল নিতু, অতিন আলির মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে তাদের বেঁচে থাকা দায়।