‘এই রাস্তার জন্যি প্রয়োজনে দলও পরিবর্তন করব’
‘আমাগে আওয়ামী লীগির সংসদ সদস্য হয়েও গত চার বছর ধরে ফুলতলা-ডুমুরিয়া সড়কটা মেরামত করাতি পাল্লে না। তাই আমাগে এলাকার লোকজন ভোটের জন্যি অপেক্ষা কত্তেছে। আমি আওয়ামী লীগির লোক। কিন্তু এই রাস্তার জন্যি প্রয়োজনে দলও পরিবর্তন করব।’সড়কটির দুরবস্থা তুলে ধরে খুলনার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেসবাহ উল-আলম এভাবেই তাঁর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এলাকাবাসী এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ওই সড়ক দিয়ে ডুমুরিয়া ও ফুলতলাবাসী ছাড়াও পাশের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার লোকজন চলাচল করেন। বর্তমানে ওই সড়কের অধিকাংশ জায়গায় পিচের আস্তরণ ও ইটের খোয়া উঠে গেছে। এ ছাড়া সড়কে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হওয়ায় সব ধরনের যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ডুমুরিয়ার সাজিয়াড়া গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘আমাগে দেখার কেউ নেই। যদি থাকত তালি বছরের পর বছর ধরে ভাঙাচোরা এই রাস্তায় চলতি হতো না।’ডুমুরিয়ার শাহপুর বাজারের ব্যবসায়ী আজিজুর রহমান বলেন, ‘ওই রাস্তার কথা আমি আর কী কব? লোকে কয় আসন্ন ডেলিভারির রুগিরি হাসপাতালে না নিয়ে ইঞ্জিনের ভ্যানে তুলে ফুলতলা পর্যন্ত পাঠালি পথের মধ্যি আপনাআপনিই ডেলিভারি হয়ে যাবে।’ওই উপজেলার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফুল ইসলাম বলেন, তিন-চার বছর আগে একবার এ রাস্তাডা মেরামত করিল। কিন্তু দুই-তিন মাসও টেকেনি। আর এখন তো রাস্তা নেই বললেই চলে। অধিকাংশ স্থানে ইটের খোয়া উঠে বড় গর্ত হয়ে গেছে।শ্যালো ইঞ্জিনচালিত ভ্যানে উঠে অফিসে যাওয়ার পথে রেবা ভৌমিক জানান, ‘রাস্তার দুরবস্থার কারণে এখন ভালো যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। তাই প্রতিদিন ভ্যানের ওপর নাচতি নাচতি (লাফাতে) অফিসে যাতি হচ্ছে।’ ভ্যানচালক সেলিম সরদার বলেন, ‘এই বড় বড় গর্তের মধ্যি দিয়ে চালানের সময় হঠাৎ যখন বড় গাড়িরি সাইড দিতি হয় তখন মাঝে মাঝে যাত্রী নিয়ে উল্টে পড়তি হয়।’ জামিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য বলেন, ‘আমাগে এমপি বাবু এই রাস্তা দিয়ে আসে না। কারণ, চলাচলের তো উপায় নেই। কিন্তু এই রাস্তার কথা কলি শুধু কয়, দেখতিছি। এইবার তার হয়ে এলাকায় ভোট চাওয়াও যাবে না।’ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শওকত আকুঞ্জি বলেন, ‘আমাগে এই রাস্তায় এখন ভ্যান চলাচলেরও উপায় নেই। তাই আগামী ভোটে নেতা (এমপি) পরিবর্তন করে এই অবস্থা পাল্টাতি হবে।’ ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সরদার বলেন, ‘এই রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছি।’ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী আবদুল হাদী বলেন, ‘ওই সড়কের বিষয়টি আমি যোগাযোগমন্ত্রীর দৃষ্টিতে এনেছি। তিনিও সড়ক বিভাগকে জরুরি মেরামতের জন্য বলেছেন।’খুলনা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রেজ্জাক বলেন, ‘আমার জানামতে, খুলনার মধ্যে এত খারাপ সড়ক আর নেই। ২০০৯ সালে আট কোটি ৮৬ লাখ ৫০ হাজার টাকার কাজ হয়। যার আংশিক (মিকশিমিল এলাকা) কাজ এখনো চলছে। তবে আমি এখানে এসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বর্তমান অবস্থা দেখিয়ে প্রকল্প চূড়ান্ত করছি। আশা করছি, আগামী অর্থবছরে কার্পেটিং করা সম্ভব হবে।’খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহামঞ্চদ আলী বলেন, জুনের পর থেকে অল্প অল্প করে হলেও ওই সড়ক মেরামত করা হবে। খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘এ রাস্তার জন্য আমি মন্ত্রীর কাছে বিশেষ তদবির করছি।’