‘এই সংকটের কথা মন্ত্রী পর্যন্ত জানেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালের বহির্বিভাগে প্রতিটি কক্ষের সামনে রোগীদের সারি। সারিবদ্ধভাবে রোগীরা ভেতরে ঢুকছেন আর ‘চিকিৎসাসেবা’ নিয়ে আসছেন। কিন্তু এই রোগীদের যাঁদের ব্যবস্থাপত্র দেওয়ার কথা, সেই বিশেষজ্ঞ চিকিৎসকেরা কোনো কক্ষেই নেই। যাঁরা আছেন এবং রোগী দেখছেন, তাঁরা বিশেষজ্ঞ চিকিৎসক নন—চিকিৎসা সহকারী ও ফার্মাসিস্ট।গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালের বহির্বিভাগে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।এ প্রসঙ্গে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মহসিন করিম প্রথম আলোকে বলেন, ‘এখানে লুকোচুরির কিছু নেই। এভাবেই হাসপাতালটি চলছে। এখানে বহির্বিভাগ ও জরুরি বিভাগে ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা। আছেন মাত্র একজন। আর পুরো হাসপাতালে ৫৮ জনের মধ্যে চিকিৎসক কর্মরত আছেন আরএমওসহ মাত্র আটজন।’হাসপাতালের দোতলার শিশু ওয়ার্ডে শয্যা ১২টি। বৃহস্পতিবার সকালে রোগী ছিল ৫২ জন। ওয়ার্ডের শয্যা, মেঝে, বারান্দা—চারদিকে রোগীরা ছড়িয়ে-ছিটিয়ে আছেন। প্রতি রোগীর সঙ্গে আরও দু-তিনজন করে লোক। অতিরিক্ত লোকদের বের করতে দুজন সেবিকার সঙ্গে চিকিৎসক নিজেও চেষ্টা করছেন। কিন্তু কেউ যেন সে কথা কানে তুলছেন না।এ অবস্থা দেখিয়ে হাসপাতালে কর্মরত একমাত্র শিশুবিশেষজ্ঞ সামিউল হক বললেন, ‘এরপর নিচে ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে আমাকেই রোগী দেখতে হবে। আছে বহির্বিভাগ। সেখানেও রোগীরা অপেক্ষা করছেন। জেলা সদরের একমাত্র হাসপাতালের এই হাল, এটা ভাবা যায় না।’নিচতলার ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে কথা হয় রোগীর সঙ্গে আসা সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আবদুর রহীমের (৩৮) সঙ্গে। রহীম জানান, তিনি আগে এসেছেন। ভর্তি হওয়ার পর কোনো চিকিৎসক তাঁর মেয়েকে দেখেননি। সেবিকাদের জিজ্ঞাসা করেই ওষুধ খাওয়াচ্ছেন। তিনি বলেন, ‘হাসপাতালে পানির কোনো ব্যবস্থা নেই। ডাকলে কাউকে পাওয়া যায় না। চারদিকে নোংরা পরিবেশ। যেন দেখার কেউ নেই।’ বহির্বিভাগের নারী রোগীদের কক্ষের সামনে থাকা আপ্তাবনগর ইউনিয়নের মনোহরপুর গ্রামের সালেহা খাতুন (৩৩) ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সকাল থেকে এসে লাইনে দাঁড়াইছি। বলছে, ডাক্তার নাই। এখন ১২টা বাজে। কখন আইব, তার কোনো ইস্টিশন নাই। ডাক্তার ছাড়া একটা হাসপাতাল চলে কেমনে?’২৫০ শয্যার এই হাসপাতালে জ্যেষ্ঠ নার্স ও সহকারী নার্সের পদ আছে ৫০টি। এর মধ্যে ৩৯টি পদই শূন্য। এ ছাড়া হাসপাতালের সহকারী পরিচালক, সেবা তত্ত্বাবধায়ক, প্রশাসনিক কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, উপসেবা তত্ত্বাবধায়কের পদও দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে।আরএমও মহসিন করিম প্রথম আলোকে বলেন, ‘সুনামগঞ্জ সদর হাসপাতালের ডাক্তার-নার্সের এ সংকটের কথা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় পর্যন্ত জানেন। সিভিল সার্জন এবং স্থানীয় সাংসদ প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স আনার জন্য চেষ্টা করছেন। কিন্তু কোনো ফল হচ্ছে না।’