‘এই সরকার ও এক-এগারোর সরকার মুদ্রার এপিঠ-ওপিঠ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের মতো নিষ্ঠুর ও অমানবিক সরকার বাংলাদেশের ইতিহাসে আর কখনো আসেনি। তাদের শাসন সামরিক শাসনকেও হার মানিয়েছে। বর্তমান সরকার ও এক-এগারোর সরকার একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের নূর আহমদ সড়কে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। হরতালের সমর্থনে এ সমাবেশের আয়োজন করা হয়। আমীর খসরু বলেন, সরকার একদলীয় নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। কিন্তু সারা দেশের গ্রামেগঞ্জে নারী-পুরুষ-নির্বিশেষে যেভাবে প্রতিরোধ শুরু হয়েছে, তাতে সরকারের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। বর্তমান সরকারের দুর্নীতির কারণে দেশের অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে গেছে দাবি করেন আমীর খসরু। তিনি বলেন, পদ্মা সেতু কেলেঙ্কারি সারা বিশ্বে দেশের ভাবমূর্তি ম্লান করে দিয়েছে। সরকার সেদিকে খেয়াল না রেখে শুধু বিরোধী দলকে দমন-নিপীড়ন আর নেতৃত্বশূন্য করার অপচেষ্টা করছে। সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার বলেন, সরকার আগুন নিয়ে খেলছে। বিরোধী দলের কেন্দ্রীয় নেতাদের জেলে দিয়ে সরকার আন্দোলন দমানোর ব্যর্থ চেষ্টা করছে। যত গ্রেপ্তার-নির্যাতন করা হবে, আন্দোলন আরও বেশি তীব্রতর হবে। নগর বিএনপির সহসভাপতি সামশুল আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন ও মাহবুবুর রহমান, বিএনপির নেতা এম এ সবুর, আবদুস সাত্তার, জাহাঙ্গীর আলম, আবুল হাশেম, কাজী বেলাল, শফিকুর রহমান, শাহ আলম ও ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম।