‘এই সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের নেতা-কর্মীদের দমন করতে এই সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল সোমবার বিকেলে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। গত রোববার নাসিমন ভবন ও আশপাশের এলাকায় বিএনপি-জামায়াতের কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে ৩০ পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হন। গত রোববারের হামলার প্রতিবাদে গতকাল এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। গতকাল বেলা তিনটা থেকেই নগর বিএনপির কার্যালয়ে দলীয় নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। ছোট ছোট মিছিলে দলীয় নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসেন। তবে সমাবেশে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের দেখা যায়নি। সমাবেশস্থলের আশপাশে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি র‌্যাব সদস্যদেরও তৎপর দেখা গেছে। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ গাজী শাহজাহান জুয়েল, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা এ এম নাজিম উদ্দিন ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান। সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রোববার সরকার চট্টগ্রামে যা করেছে তা ছিল রাষ্ট্রীয় সন্ত্রাস। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের ওপর যে নির্মম নির্যাতন চালিয়েছে, তা কোনো সভ্য দেশে হয় না। পুলিশ বাহিনীর একটি অংশকে সরকার দলীয় ক্যাডারের ভূমিকায় নামিয়েছে।’ প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘এই সরকার দুর্নীতিবাজ সরকার। সুরঞ্জিত সেনগুপ্ত ও আবুল হোসেনকে দুর্নীতি থেকে বাঁচানোর জন্য সরকার দুর্নীতি দমন কমিশনকে দিয়ে তদন্ত করছে। দুদকের তদন্ত দেশের মানুষ গ্রহণ করে না।’ গত রোববারের সংঘর্ষের ঘটনা উল্লেখ করে নোমান বলেন, ‘ফ্যাসিবাদী হিটলার মানুষ হত্যার জন্য গ্যাস ব্যবহার করত। গতকাল (রোববার) দলীয় কার্যালয়ের মধ্যে পুলিশ টিয়ার গ্যাস মেরেছে। আমাদের মৃত্যুও হতে পারত।’ সরকার পতনের আন্দোলনে চট্টগ্রামের নেতা-কর্মীরা প্রস্তুত মন্তব্য করে সরকারবিরোধী আন্দোলনকে এগিয়ে নিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান নোমান।