'এই সরকারের আমলেই হত্যাকারীদের বিচার হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীরা অবশ্যই গ্রেপ্তার হবে এবং এই সরকারের আমলে তদন্ত শেষ করে আসামিদের বিচারের মুখোমুখি করা হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ রোববার দুপুরে এক সংহতি ও মতবিনিময় সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই সভার আয়োজন করে। এতে ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।

মোহাম্মদ নাসিম বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে বলি, দ্রুত আসামিদের গ্রেপ্তার করুন। তদন্ত করুন, বিচারের ব্যবস্থা করুন। অবশ্যই অপরাধীদের বিচার হবে। এ সময় তিনি অপরাধীদের ধরতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্ব স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায় অধ্যাপক রেজাউলের মেয়ে রিজওয়ানা হাসিন শতভি বলেন, হত্যাকাণ্ডের ২৩ দিন পর এখনো আমাদের বলা হচ্ছে তদন্তের খুব কাছাকাছি চলে এসেছি। কাজ চলছে। এটা আমার কাছে আইওয়াশ মনে হচ্ছে। সত্যিই তারা তদন্তের কাছাকাছি গেছে কি না, সত্যিই কোনো অগ্রগতি হয়েছে কি না, আমি বিশ্বাস করতে পারছি না। তদন্তের স্বার্থে পাবলিকলি সবাইকে সব অগ্রগতি সম্পর্কে না জানানো যেতে পারে কিন্তু পরিবারের সদস্য হিসেবে আমরা তো জানতে চাইতে পারি সত্যিই তারা কতটা কাছাকাছি গেছে। কিন্তু আমাদেরও কিছু না জানিয়ে তদন্ত সম্পর্কে অন্ধকারে রাখা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহর সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, সহউপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাংসদ ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণ-আজাদী লীগের সাধারণ সম্পাদক এস কে সিকদার, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, ন্যাপের সাধারণ সম্পাদক এনামুল হক, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, তরিকত ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ফারুকী, জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুল হক বকু প্রমুখ বক্তব্য দেন।

গত ২৩ এপ্রিল সকালে রাজশাহী নগরের শালবাগান এলাকায় নিজ বাড়ির অদূরে অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।