নানা আয়োজনে গতকাল রোববার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৭তম জন্মদিন উদ্যাপন করেছে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সমমনা দলগুলো। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুলশান কার্যালয়ে গত শনিবার দিবাগত রাত ১২টা এক মিনিটে ৪৭ পাউন্ড ওজনের চারটি কেক কেটে জন্মদিন উদ্যাপনের আনুষ্ঠানিকতা শুরু করেন।কেকগুলো বিএনপি, ঢাকা মহানগর বিএনপি, জাতীয়তাবাদী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আনা হয়। কেক কাটার পর খালেদা জিয়া ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা লন্ডনে অবস্থানরত তারেকের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তাঁরা তারেককে জন্মদিনের শুভেচ্ছা জানান।জন্মদিন উপলক্ষে গতকাল বিভিন্ন অনুষ্ঠানে বিএনপির নেতারা বলেছেন, তারেকই আগামী দিনের নেতা। এই সরকারের পতন ঘটিয়ে তাঁকে দেশে ফিরিয়ে আনতে হবে।খালেদা জিয়া তারেকের জন্মদিন উপলক্ষে কাল মঙ্গলবার ঢাকার ধামরাইয়ে আয়োজিত ছাত্র জমায়েতে বক্তব্য দেবেন।জন্মদিন উপলক্ষে রাজধানী ও সারা দেশে গতকাল দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কেক কাটে ও আলোচনা সভার আয়োজন করে।‘তারেকের নেতৃত্বে পরবর্তী সরকার’: জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে নাগরিক সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, তারেক রহমানের নেতৃত্বেই আগামী সরকার গঠিত হবে। এই সরকারের বিরুদ্ধে এমনভাবে আন্দোলন গড়ে তুলতে হবে, যেন তারেক রহমানকে মুক্ত করে আনা যায়।বগুড়ায় নানা আয়োজন: আমাদের নিজস্ব প্রতিবেদক (বগুড়া) জানান, বগুড়ায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। তিনি আমাদের রাজনীতির ভবিষ্যৎ।